পরিবারকে নিয়ে মিথ্যা প্রচারণা বন্ধের হুঁশিয়ারি, ২৪ ঘণ্টার মধ্যে পোস্ট সরানোর নির্দেশ। ফাইল ছবি
বিনোদন জগতের তারকা দম্পতি অভিনেতা ওমর সানী ও প্রিয়দর্শনী মৌসুমীকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক যেন থামছেই না। তাদের ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক গুঞ্জন ও সমালোচনায় নতুন করে আলোচনায় এসেছেন এ তারকা দম্পতি। এবার পরিবারকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা ওমর সানী। একই সঙ্গে ভিত্তিহীন পোস্ট ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে না নিলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
হোটেল ব্যবসা নিয়ে ব্যস্ততার মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুঞ্জনের জবাব দেন ওমর সানী। চলচ্চিত্রশিল্পীদের ব্যক্তিগত জীবন নিয়ে ভাইরাল হওয়া আলোচনা এবং নারী শিল্পীদের অসম্মান করার প্রবণতারও সমালোচনা করেন তিনি।
সম্প্রতি সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়ায়, ওমর সানী ও মৌসুমীর ছেলে ফারদিন পরিবারের সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে যুক্তরাষ্ট্রের বাসা থেকে মাকে বের করে দিয়েছেন। তবে এ খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ওমর সানী। তিনি জানান, ফারদিন বর্তমানে দুবাইয়ে এবং মৌসুমী যুক্তরাষ্ট্রে রয়েছেন। যুক্তরাষ্ট্রে তাদের কোনো সম্পত্তি নেই বলেও দাবি করেন এ অভিনেতা।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মাঠে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওমর সানী। এ সময় তিনি অভিযোগ করেন, সামাজিক মাধ্যমের কিছু পেজ ও ব্যক্তি তাকে, স্ত্রী মৌসুমী এবং ছেলেমেয়েকে নিয়ে মনগড়া তথ্য ছড়িয়ে পরিবারকে ব্যবসার উপকরণ বানিয়ে ফেলেছেন।
ওমর সানী বলেন, আমাদের ক্যাশ করে কয় টাকা কামাই করবি বাবা তোরা? কী লাভ? এই টাকা কে খাবে, শিয়াল-কুকুরে খাবে। আমাদের একটা ব্যবসার জিনিস বানিয়ে ফেলেছে।
পরিবারকে নিয়ে এমন প্রচারণায় সামাজিকভাবে বিব্রত হতে হচ্ছে বলেও জানান তিনি। বিষয়টি নিয়ে তার ছেলে ফারদিনও উদ্বিগ্ন বলে উল্লেখ করেন অভিনেতা।
এ প্রসঙ্গে ওমর সানী বলেন, ছেলের সঙ্গে তার কথা হয়েছে। ফারদিন তাকে এসব প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন। স্ত্রী মৌসুমীর ব্যক্তিগত জীবন নিয়ে অযাচিত আলোচনা বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমার বউ আমার টেনশন না—আপনাদের টেনশন। স্বামী-স্ত্রী আলাদা দেশে থাকতেই পারেন।
দাম্পত্য জীবনের ব্যক্তিগত বিষয় নিয়ে ভিত্তিহীন গল্প ছড়ানোর কোনো অর্থ নেই বলেও মন্তব্য করেন ওমর সানী। তার ভাষ্য, পরিবারকে নিয়ে মিথ্যা তথ্য প্রচার করে মানুষের ব্যক্তিগত জীবনকে আলোচনার পণ্য বানানো হচ্ছে। এ ধরনের প্রচারণা বন্ধ না হলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে আবারও সতর্ক করেন তিনি।
