সংবাদ প্রকাশের পর সরাসরি হাসপাতালে গিয়ে বাস্তব চিত্র দেখলেন মন্ত্রী ছবি : সংগৃহীত
সরকারি হাসপাতালে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে হঠাৎ করেই ঝটিকা সফরে বের হলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। শনিবার (সকাল সাড়ে ৮টা) তিনি নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সরেজমিনে হাসপাতালের বাস্তব চিত্র দেখেন।
হাসপাতালে পৌঁছে মন্ত্রী জরুরি বিভাগ, রোগীদের ওয়ার্ড এবং চিকিৎসকদের চেম্বার ঘুরে দেখেন। প্রায় এক ঘণ্টা ধরে পরিদর্শন করেও তিনি হতাশ হন—কারণ দায়িত্বে থাকা চিকিৎসকদের প্রায় অর্ধেকই তখন হাসপাতালে অনুপস্থিত।
জানা যায়, হাসপাতালটিতে মোট ১৬ জন চিকিৎসক কর্মরত থাকলেও পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন মাত্র ৮ জন। রোস্টার অনুযায়ী দায়িত্বে থাকার কথা থাকলেও কয়েকজন চিকিৎসক ও স্টাফকে কর্মস্থলে না পেয়ে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে রোগীদের সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের দায়িত্বশীলতা অত্যন্ত জরুরি। সময়মতো উপস্থিত না থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
উল্লেখ্য, গত ৫ মার্চ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসকদের অনিয়মিত উপস্থিতি নিয়ে সংবাদ প্রকাশ হলে বিষয়টি মন্ত্রীর নজরে আসে। এরপরই তিনি কঠোর বার্তা দিয়ে চিকিৎসকদের সময়মতো হাসপাতালে উপস্থিত থাকার নির্দেশ দেন।
এদিনের পরিদর্শনে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলম মোল্লা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী মো. আতিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
