বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হুমকি ফাঁসের জেরে হিন্দু নেতা পরিতোষ মণ্ডলকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার শ্যামনগরে ভোটকেন্দ্রে না যাওয়ার হুমকির বিষয়টি প্রকাশ্যে আনার পর প্রাণনাশের হুমকি পেয়েছেন হিন্দু সম্প্রদায়ের এক নেতা। ভুক্তভোগী পরিতোষ মণ্ডল পৌর এলাকার চণ্ডিপুর গ্রামের বাসিন্দা এবং পূজা উদযাপন ফ্রন্টের পৌর কমিটির উপদেষ্টা।
পরিতোষ মণ্ডলের অভিযোগ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একদিন আগে কয়েকজন বিএনপি নেতা সরাসরি ও ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করে পরিচিত সংখ্যালঘু ভোটারদের ভোটকেন্দ্রে না যেতে বলেন। তিনি বিষয়টি ধানের শীষ প্রতীকের প্রার্থীসহ দলের কয়েকজন নেতাকে অবহিত করেন। এ সময় হুমকিসংক্রান্ত একটি কথোপকথনের ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়।
তিনি জানান, গত সোমবার বিকেলে মোটরসাইকেলে করে আসা চার ব্যক্তি তাঁকে প্রাণনাশের পাশাপাশি বিভিন্নভাবে ক্ষয়ক্ষতির হুমকি দেন। তাদের মধ্যে ২২-২৩ বছর বয়সী এক তরুণ এবং ৪০-৪২ বছর বয়সী এক ব্যক্তিকে তিনি চেনেন, তবে নাম জানেন না। একই দিন রাতে তাঁর বাড়ির সামনে এসে কয়েকজন অশ্রাব্য ভাষায় গালিগালাজও করে বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার পর সোমবার রাতেই শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিতোষ মণ্ডল।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান বলেন, হুমকির বিষয়ে একটি জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পরিতোষ মণ্ডলকে সতর্ক থাকতে এবং কোথাও যাওয়ার আগে পুলিশকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।