রাজধানীর বারিধারার কূটনৈতিক এলাকায় প্রায় ১২ কোটি টাকার বিলাসবহুল ফ্ল্যাটে বসবাস, নামে-বেনামে একাধিক প্লট ও অস্বাভাবিক সম্পদের অভিযোগে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা শাহ মোহাম্মদ মারুফ-কে অবশেষে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। বর্তমানে তিনি বগুড়া কর অঞ্চলে অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে গত ১৬ মার্চ তার বিপুল সম্পদ ও বিলাসী জীবনযাপনের নানা তথ্য সামনে আসে। প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে—বারিধারার কূটনৈতিক পাড়ায় কোটি টাকার ফ্ল্যাট ছাড়াও নিকেতন, নিকুঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকায় তার নামে ও বেনামে একাধিক প্লট ও সম্পদের তথ্য। এসব তথ্য প্রকাশের পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে নড়েচড়ে বসে আয়কর বিভাগ।
পরে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে প্রকাশিত তথ্যের সত্যতা পাওয়ার পর কমিটির সদস্যরা তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন।
মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(ঘ) ধারা অনুযায়ী তার বিরুদ্ধে “দুর্নীতিপরায়ণতার” অভিযোগে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় সরকারি কর্মচারী বিধিমালার ১২(১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, শাহ মোহাম্মদ মারুফ বিসিএস ২৮ ব্যাচের আয়কর ক্যাডারের কর্মকর্তা। তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ পাওয়ায় এ আদেশ জারি করেছে সরকার। তবে এ আদেশে জনমনে স্বস্তি ফিরেছে।
