শুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৫ গোল হজম করেও হতাশ নন কোচ বাটলার, ঋতুপর্ণাদের লড়াইয়ে গর্ব

স্পোর্টস ডেস্ক
মার্চ ৬, ২০২৬ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

ছবি- এএফপি

নারী এশিয়ান কাপে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে আবারও বড় ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলকে। বর্তমান চ্যাম্পিয়ন চীনের পর এবার র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বর দল উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে পরাজিত হয়েছেন সাবিনা-মারিয়ারা। তবে এমন বড় হারের পরও দলের পারফরম্যান্স নিয়ে হতাশ নন কোচ পিটার বাটলার। বরং বিশ্বের অন্যতম সেরা একটি দলের বিপক্ষে মেয়েদের লড়াইয়ে গর্ব প্রকাশ করেছেন এই ব্রিটিশ কোচ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাটলার বলেন, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলাটাই ছিল তাদের জন্য বড় শিক্ষা। তিনি বলেন, আমরা আজ একটি অসাধারণ দলের বিপক্ষে খেলেছি। তাদের সঙ্গে পুরোপুরি প্রতিদ্বন্দ্বিতা করতে না পারলেও ৫-০, ৬-০ বা ৭-০ গোলে হারাটা লজ্জার কিছু নয়।

র‍্যাঙ্কিংয়ে ১১২ নম্বরে থাকা বাংলাদেশ প্রথমার্ধের বেশিরভাগ সময় উত্তর কোরিয়াকে আটকে রাখতে সক্ষম হলেও শেষ পর্যন্ত পাঁচ গোল হজম করে। ম্যাচের ব্যবধান নিয়ে হতাশা আছে কি না—এমন প্রশ্নে বাটলারের সোজাসাপ্টা উত্তর, “আমি মোটেও হতাশ নই। চীন বা উত্তর কোরিয়ার মতো দলের বিপক্ষে খেললে গোল খেতেই হবে।

ম্যাচে কয়েকটি গুরুত্বপূর্ণ মুহূর্তে মনোযোগের ঘাটতির কথাও উল্লেখ করেন তিনি। তার মতে, প্রতিপক্ষ শুধু দক্ষ ফুটবলারই নয়, শারীরিক সক্ষমতাতেও এগিয়ে। ভুল থেকেই শিখে সামনে এগোনোর কথা বলেন বাটলার।
চীনের বিপক্ষে আগের ম্যাচের অভিজ্ঞতা মাথায় রেখেই প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে তিনটি পরিবর্তন আনেন তিনি। এ বিষয়ে কোচ বলেন, কিছু খেলোয়াড়কে খুব ক্লান্ত লাগছিল। সেই কারণেই বদলি নামানোর সিদ্ধান্ত নিয়েছিলাম।

উত্তর কোরিয়ার বিপক্ষে বাংলাদেশের কোনো শট অন টার্গেট না থাকা নিয়ে প্রশ্ন উঠলেও বিষয়টি স্বাভাবিক বলেই মনে করেন বাটলার। তার মতে, প্রতিপক্ষের শক্ত রক্ষণভাগ বাংলাদেশের আক্রমণকে পুরোপুরি আটকে দেয়। তবে গোলরক্ষক মিলি আক্তারের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ। তাকে ‘সত্যিকারের যোদ্ধা’ আখ্যা দিয়ে বাটলার বলেন, “মিলির জেদ ও লড়াই করার মানসিকতা দারুণ। সে এই সুযোগ প্রাপ্য।

আগামী ৯ মার্চ পার্থে গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে জিততে পারলে কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা তৈরি হতে পারে। তবে দলের গড় বয়স মাত্র সাড়ে ১৯ বছর উল্লেখ করে বাটলার বলেন, এই পর্যায়ে পৌঁছানোই দলের জন্য বড় সাফল্য।

তিনি জানান, ম্যাচ শেষে খেলোয়াড়রা বিশ্রাম নেবে এবং দ্রুত পরবর্তী ম্যাচের প্রস্তুতি শুরু করবে। বাটলারের ভাষায়, “সবচেয়ে বড় বিষয়, কোনো বড় ইনজুরি হয়নি। আমরা আবার হাসিমুখেই মাঠে নামব এবং সেরাটা দেওয়ার চেষ্টা করব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।