শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৯ জনের পরিচয় শনাক্ত, পলাতক দুই চালকের খোঁজে অভিযান

সিলেট প্রতিনিধি
আগস্ট ৭, ২০২৬ ১১:৫১ অপরাহ্ণ
Link Copied!

ড্যাশক্যাম ফুটেজে উঠে এলো সংঘর্ষের মুহূর্ত, হাসপাতালে এখনও চিকিৎসাধীন ১৪ আহত। ছবি সংগৃহীত

সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। স্বজনদের কাছে একে একে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এদিকে দুর্ঘটনার পর থেকেই দুই বাসের চালক পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, নিহতদের পরিচয় নিশ্চিত হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পলাতক দুই চালককে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনাস্থলেই ৭, হাসপাতালে আরও ২ জনের মৃত্যু

শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই সাতজন নিহত হন। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯ জনে। নিহত সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন। নিহতরা হলেন—

১.হাজি সাইফুল ইসলাম (৫০), কুলিয়ারচর, কিশোরগঞ্জ

২.শিশু ফাইজা (৪), চণ্ডীপুল, দক্ষিণ সুরমা, সিলেট

৩.সপ্তম রায় প্রীতম (২২), সোবহানীঘাট, সিলেট

৪.বাউলশিল্পী পেহেলী ভৈরবী (১৭), ভৈরব, কিশোরগঞ্জ

৫.আবুল হোসেন (৪৪), নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া

৬.আরমান (১৯), জৈন্তাপুর, সিলেট

৭.সানিয়াদ জাহাঙ্গীর সৌরভ (৩৯), কুমিল্লা

৮.মো. সাইফুল ইসলাম ইমন, ব্রাহ্মণবাড়িয়া সদর

৯.রুবেল সূত্রধর (৩৭), নিকলী, কিশোরগঞ্জ।

ড্যাশক্যাম ফুটেজে মিলল দুর্ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য

দুর্ঘটনার পর ইউনিক পরিবহনের পেছনে থাকা একটি গাড়ির ড্যাশক্যাম ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, বিপরীত দিক থেকে অতিরিক্ত গতিতে আসা বেঙ্গল পরিবহনের স্লিপার বাসটি ইউনিক পরিবহনের বাসের সামনের ডান পাশে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সামনে থাকা একটি পিকআপ ভ্যানকে ওভারটেক করতে গিয়ে বেঙ্গল পরিবহনের বাসটি বিপরীত লেনে উঠে আসে। এরপরই ঘটে ভয়াবহ এই মুখোমুখি সংঘর্ষ।

হাসপাতালে চিকিৎসাধীন ১৪ জন, দুজনের অবস্থা আশঙ্কাজনক

দুর্ঘটনায় অন্তত ২৪ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৪ জন বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. উমর রাশেদ মুনীর জানান, দুর্ঘটনার পরপরই ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের কয়েকজনকে ইএনটি, চক্ষু ও নিউরোসার্জারি বিভাগে স্থানান্তর করা হয়েছে।

তিনি জানান, নিউরোসার্জারি বিভাগে ভর্তি তিনজনের মধ্যে একজনের সিটিস্ক্যান রিপোর্ট স্বাভাবিক এসেছে। একজনের পরীক্ষা এখনো সম্পন্ন হয়নি এবং আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে নেওয়া হচ্ছে।

হাসপাতালে আনা রোগীদের মধ্যে একটি শিশুকে মৃত ঘোষণা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। বর্তমানে চিকিৎসাধীন ১৪ জনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। চারজন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

আহতদের দেখতে হাসপাতালে জেলা প্রশাসক

জুমার নামাজের পর আহতদের দেখতে হাসপাতালে যান সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন। তিনি জানান, হতাহতদের জন্য আর্থিক সহায়তা নিশ্চিত করা হবে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ প্রয়োজনীয় তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।