শনিবার সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে সুধী সমাবেশে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
সিলেট থেকে স্বাস্থ্যখাতে বড় নিয়োগ পরিকল্পনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, দেশের চিকিৎসাসেবা শক্তিশালী করতে শিগগিরই ১ লাখ ৩০ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে প্রায় ৮০ শতাংশই নারী।
শনিবার (দুপুর সাড়ে ১১টা) সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
গ্রামমুখী স্বাস্থ্যসেবা জোরদার-প্রধানমন্ত্রী বলেন, মানুষের সুস্থতা নিশ্চিত করা গেলে রোগীর চাপও কমবে এবং তখন উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা সহজ হবে। এই লক্ষ্যেই নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা গ্রামাঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে কাজ করবেন।
সিলেটে হাসপাতাল উন্নয়ন পরিকল্পনা-স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে সিলেটে নতুন ২৫০ শয্যার একটি হাসপাতাল চালুর উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, ভবিষ্যতে এটিকে ১২০০ শয্যার আধুনিক হাসপাতালে রূপান্তর করা হবে।
প্রতিশ্রুতি বাস্তবায়নে সময় চাইলেন-সরকারের মেয়াদ ও নির্বাচনী অঙ্গীকার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আড়াই মাস বয়সী শিশু যেমন সঙ্গে সঙ্গে হাঁটতে পারে না, তেমনি উন্নয়নেও সময় প্রয়োজন।
তিনি আরও জানান, ইতোমধ্যে ফ্যামেলি কার্ডসহ বিভিন্ন প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হয়েছে।
সিলেটসহ সারাদেশে উন্নয়ন পরিকল্পনা, শুধু সিলেট নয়, সারাদেশের উন্নয়নেই সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এর মধ্যে রয়েছে—সিলেট-ঢাকা রেললাইন ডাবল করার চিন্তা। সড়ক উন্নয়নকাজ দ্রুত শেষ করার উদ্যোগ, শিল্পায়ন বাড়িয়ে বিদেশমুখিতা কমানো, আইটি খাতে বিশেষ গুরুত্ব প্রদান।
