মাথাভাঙ্গা সীমান্তে নাটকীয় পরিস্থিতি, বিএসএফের পুশইন রুখে দিল বিজিবি। ছবি সমতল মাতৃভূমি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চর বিলগাথুয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি ও স্থানীয় জনসাধারণের তাৎক্ষণিক তৎপরতায় তাদের পুনরায় সীমান্তবর্তী মাথাভাঙ্গা নদী পার করে ভারতীয় সীমানায় ফেরত পাঠানো হয়।
শুক্রবার (১২ জুন) ভোররাতে প্রাগপুর সীমান্তের ১৪৮/৩ এস সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে বিএসএফ ওই ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বলে জানা গেছে।
বিজিবি সূত্রে জানা যায়, পুশইনের চেষ্টাকৃত ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী এবং চারজন শিশু রয়েছে। বর্তমানে তারা ভারতীয় সীমান্তের কাঁটাতারের বাইরের অংশে অবস্থান করছে।
সীমান্ত পরিস্থিতি বিবেচনায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, যাতে ওই ব্যক্তিরা কোনোভাবেই বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে সীমান্ত এলাকায় নজরদারি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। এ কাজে স্থানীয় সীমান্তবাসীরাও সক্রিয় সহযোগিতা করছেন।
প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, “আজ ভোরে ভারতীয় অংশ থেকে ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। স্থানীয় জনগণ ও বিজিবি যৌথভাবে সেই চেষ্টা প্রতিহত করেছে।
এদিকে প্রাগপুর বিওপির দায়িত্বপ্রাপ্ত সুবেদার আসাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “১২ জনকে পুশইনের চেষ্টা করা হয়েছিল। তবে তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। বর্তমানে তারা ভারতীয় সীমান্ত এলাকায় অবস্থান করছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সীমান্তে অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে।
সীমান্তে এ ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিজিবির কঠোর অবস্থানের ফলে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
