সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রাগপুর সীমান্তে বিএসএফের ‘পুশ ইন’ চেষ্টা ব্যর্থ, ১২ জনকে ভারতীয় সীমানায় ফেরত পাঠাল বিজিবি-জনতা

কুষ্টিয়া প্রতিনিধি
জুন ১৪, ২০২৬ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চর বিলগাথুয়া সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় জনতার যৌথ প্রতিরোধের মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। পরে তাদের পুনরায় সীমান্তবর্তী মাথাভাঙ্গা নদী পার করে ভারতীয় সীমানায় ফেরত পাঠানো হয়।

শুক্রবার (১২ জুন) ভোরে প্রাগপুর সীমান্তের ১৪৮/৩ এস সীমান্ত পিলার এলাকা দিয়ে বিএসএফ ওই ১২ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে।

বিজিবি সূত্র জানায়, ওই ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী এবং চারজন শিশু রয়েছে। বর্তমানে তারা ভারতীয় সীমান্তের কাঁটাতারের বাইরের অংশে অবস্থান করছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে যাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়েছে, তারা যেন কোনোভাবেই বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে জন্য সীমান্ত এলাকায় কঠোর নজরদারি জোরদার করা হয়েছে। এ কাজে স্থানীয় সীমান্তবাসীরাও সহযোগিতা করছে।

প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল জানান, আজ ভোরের দিকে ভারত থেকে ১২ জনকে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করা হয়। স্থানীয় জনগণ ও বিজিবি যৌথভাবে তাদের প্রবেশের চেষ্টা প্রতিহত করেছে।

প্রাগপুর বিওপির দায়িত্বপ্রাপ্ত সুবেদার আসাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১২ জনকে পুশ ইন করার চেষ্টা করা হয়েছিল, তবে তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। তারা বর্তমানে ভারতীয় সীমান্ত এলাকায় অবস্থান করছে। পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে।

সীমান্তে উত্তেজনা, বিজিবির কড়া অবস্থান

প্রাগপুর সীমান্তে বিএসএফের ‘পুশ ইন’ প্রচেষ্টা ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিজিবি ও স্থানীয় জনতার তৎপরতায় আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সীমান্তজুড়ে সতর্ক নজরদারি অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।