রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নারী এমপির হুঁশিয়ারি: ‘যে প্রশাসন বিএনপিকে পাত্তা দিচ্ছে না, তাদের এখানে রাখা হবে না’

কুমারখালী উপজেলা প্রতিনিধি
জুন ২০, ২০২৬ ১১:৫১ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া-২, ৩ ও ৪ সংরক্ষিত আসনের বিএনপির সংসদ সদস্য মোছা. ফরিদা ইয়াসমিন প্রশাসনের একাংশকে উদ্দেশ্য করে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, ‘আমার নেতাকর্মী বঞ্চিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। এটা আমি কোনোভাবেই টলারেট (সহ্য) করবো না। যে প্রশাসন বিএনপির নেতাকর্মীদের পাত্তা দিচ্ছে না, তাদের উদ্দেশ্যে বলতে চাই—কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কাজ করতে হবে, এর কোনো বিকল্প নেই।

শনিবার (২০ জুন) কুমারখালী ডাকবাংলোয় উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরিদা ইয়াসমিন বলেন, ‘আমরা প্রশাসনকে কখনো বলি না যে তারা কোনো দলের পক্ষে কাজ করুক। আমরা চাই তারা জনগণের পাশে থাকুক, জনগণের ভালো-মন্দের কথা চিন্তা করুক। কিন্তু বিএনপিকে নির্যাতন করবে, এটা আমি কোনোভাবেই মেনে নেব না।

তিনি আরও বলেন, ‘যদি কোনো প্রশাসন ষড়যন্ত্র করে বিএনপির নেতাকর্মীদের নির্যাতিত করার চেষ্টা করে, তাহলে তাকে এখানে রাখা হবে না। আমি বাধ্য হবো তার বিরুদ্ধে অ্যাকশনে যেতে। এটা আমার দায়িত্ব।

প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করে নারী এমপি বলেন, ‘আমার নেতাকর্মীরা ২০ বছর ধরে নির্যাতিত ও বঞ্চিত হয়েছে। তখন আপনারা তো ভালোই ছিলেন। এখন আবার কেন সেই পরিস্থিতির পুনরাবৃত্তি? কিসের আওয়ামী লীগ? আওয়ামী লীগ তো ব্যান। তাহলে কেন তাদের মাথায় তুলে নাচবেন? এটা হতে দেওয়া হবে না।

বিরোধীদলের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা কি বিরোধী দলে ছিলাম না? আমরা রাজনীতি করার স্পেস পাইনি। আর এখন আপনারা পরিবার-পরিজন নিয়ে শান্তিতে ঘুমাচ্ছেন, এটাই তো অনেক। আবার কিসের ভাগ চান? কিসের মাথায় উঠতে চান? সোজা পথে চলুন, শান্তিতে থাকুন। কিন্তু আমাদের নেতাকর্মীদের দিকে বাঁকা চোখে তাকালে আপনাদের খবর আছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ফরিদা ইয়াসমিন বলেন, ‘আমি চেয়েছি সবাইকে এক ছাতার নিচে ঐক্যবদ্ধ করতে। কিন্তু আপনারা যদি সেই সহযোগিতা না করেন, তাহলে আমি রিপোর্ট করতে বাধ্য হবো। আমি কাউকে তোয়াজ করে এখানে আসিনি; দীর্ঘ সংগ্রাম, লড়াই ও রাজনীতির পথ পেরিয়ে আজকের অবস্থানে এসেছি। তাই আমার ব্যাপারে সবাইকে সাবধান থাকতে বলছি।

মতবিনিময় সভায় সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও কুষ্টিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাতিল মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওয়াব আলী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন জিলাল, কুমারখালী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম লিপন, পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম আলম টমেসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।