শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শিশুস্বাস্থ্য সুরক্ষায় বড় কর্মসূচি, পটুয়াখালীতে ২.৫৩ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

অপূর্ব সরকার
জুন ২৫, ২০২৬ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালীতে সাংবাদিকদের নিয়ে অবহিতকরণ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শিশুস্বাস্থ্য সুরক্ষা এবং অপুষ্টিজনিত ঝুঁকি হ্রাসে সরকারের এ গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়নে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার (২৫ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ জুন (রবিবার) সারাদেশের মতো পটুয়াখালী জেলাতেও একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। এবারের কর্মসূচিতে জেলার ২ লাখ ৫৩ হাজার ৭৫৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ বিশাল কর্মযজ্ঞ সফলভাবে সম্পন্ন করতে জেলার বিভিন্ন এলাকায় ১ হাজার ৮২১টি টিকাদান কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এসব কেন্দ্রে প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ, বিপিএম-সেবা এবং পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোঃ শহীদুল ইসলাম।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া বলেন, শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশু মৃত্যুঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। জেলার কোনো শিশু যেন এই কর্মসূচির বাইরে না থাকে, সে জন্য মাঠপর্যায়ে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

তিনি জাতীয় এই কর্মসূচি সফল করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণার আহ্বান জানান।

জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আরও জানানো হয়, ২৮ জুন সকাল থেকে বিকেল পর্যন্ত নির্ধারিত কেন্দ্রগুলোতে শিশুদের বয়সভিত্তিক ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

শিশুর সুস্থ বিকাশ ও পুষ্টি নিশ্চিত করতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সারাবাংলা সর্বশেষ