পুশইনের খবরে সীমান্তে অবস্থান নেয় বিজিবি ও গ্রামবাসীরা। ছবি: সংগৃহীত
মেহেরপুরের গাংনী সীমান্তে আবারও তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর সতর্ক অবস্থান এবং তাৎক্ষণিক প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
শুক্রবার (২৬ জুন) ভোরে উপজেলার কাথুলী ইউনিয়নের রাধাগোবিন্দপুর ধলা সীমান্ত দিয়ে এ পুশইনের চেষ্টা চালানো হয়।
ধলা বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার শিশির কুমার সরকার জানান, ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার করিমপুর থানার বুড়িপোতা বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত গেট খুলে তিনজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। কিন্তু বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসীর সতর্ক অবস্থানের কারণে তারা বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি। পরে বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনার পর ওই তিনজনকে ফেরত নিয়ে যায় বিএসএফ।
এ নিয়ে চলতি মাসে গাংনী ও আশপাশের সীমান্ত এলাকায় একাধিকবার একই ধরনের পুশইনের চেষ্টা করা হয়েছে। এর আগে ৬ জুন ভোরে গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া সীমান্তে ৬ জন, ১৯ জুন মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্তের খালপাড়া এলাকা দিয়ে ৪ জন এবং গতকাল গাংনী উপজেলার সহড়াতলা সীমান্ত দিয়ে আরও ৭ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ।
প্রতিটি ক্ষেত্রেই বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর কঠোর অবস্থান এবং সীমান্তে জোরালো নজরদারির কারণে বিএসএফ তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি। শেষ পর্যন্ত প্রতিবারই পুশইনের চেষ্টা ব্যর্থ হয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের ফেরত নিতে বাধ্য হয়েছে বিএসএফ।
সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে বিজিবির টহল ও নজরদারি আগের মতোই জোরদার রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
