বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুর থানায় ওসি খালেদুর রহমানের যোগদান: স্থানীয়দের মাঝে আশার আলো, প্রাণচাঞ্চল্যের নতুন বার্তা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
জুলাই ১, ২০২৬ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার দৌলতপুর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে খালেদুর রহমান যোগদান করায় স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ, প্রাণচাঞ্চল্য ও ইতিবাচক প্রত্যাশার সৃষ্টি হয়েছে।

গত রোববার (২৮ জুন) সন্ধ্যায় তিনি দৌলতপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন, জনবান্ধব পুলিশিং এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দেন।

তার যোগদানের খবর ছড়িয়ে পড়তেই উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আশাবাদের সঞ্চার হয়। স্থানীয়দের ভাষ্য, দৌলতপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে নতুন ওসির কার্যকর ভূমিকার অপেক্ষায় রয়েছেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলেও তাকে ঘিরে ইতিবাচক আলোচনা লক্ষ্য করা যাচ্ছে।

অন্যদিকে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দৌলতপুর থানার ওসি হিসেবে দায়িত্ব পালনকারী মো. আরিফুর রহমানের দায়িত্বকাল নিয়ে স্থানীয়দের মধ্যে নানা অভিযোগ ও সমালোচনা ছিল। অভিযোগ রয়েছে, তার সময়ে অনিয়ম, স্বজনপ্রীতি ও দলীয় প্রভাব বিস্তারের মতো নানা বিতর্কের সৃষ্টি হয়। একই সঙ্গে থানাকেন্দ্রিক দালালচক্রের দৌরাত্ম্য বৃদ্ধি, খুন, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মামলাবাজি এবং মাদক সিন্ডিকেটের তৎপরতা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের জন্ম নেয়।

স্থানীয়দের অভিযোগ, মাদকের ভয়াবহ বিস্তারের কারণে উপজেলার অসংখ্য যুবক ও কিশোর মাদকাসক্তি এবং কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে পড়ে, যা সামাজিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে ওঠে।

তবে নতুন ওসি খালেদুর রহমান দায়িত্ব গ্রহণের পর পরিস্থিতির পরিবর্তন হবে—এমন প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। সংশ্লিষ্টদের বিশ্বাস, পেশাদারিত্ব, স্বচ্ছতা ও কঠোর আইন প্রয়োগের মাধ্যমে তিনি দৌলতপুরকে একটি নিরাপদ, মাদকমুক্ত ও দালালমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

এদিকে, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ রেজা আহম্মেদ বাচ্চু মোল্লাও জাতীয় সংসদে দৌলতপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনায় অংশ নেন। স্থানীয়দের প্রত্যাশা, দৌলতপুর থানা যেন দালালমুক্ত হয়ে প্রকৃত অর্থেই জনগণের আস্থার থানায় পরিণত হয়।

বর্তমানে দৌলতপুরবাসীর একটাই প্রত্যাশা—মাদক নির্মূল, কিশোর গ্যাং দমন, স্বজনপ্রীতির অবসান, সুষ্ঠু আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনবান্ধব পুলিশি সেবার মাধ্যমে নতুন ওসি খালেদুর রহমান মানুষের হারিয়ে যাওয়া আস্থা ফিরিয়ে আনবেন। সেই প্রত্যাশা পূরণ করতে পারলে তিনি দৌলতপুরবাসীর ভালোবাসা ও ভূয়সী প্রশংসা অর্জন করতে সক্ষম হবেন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।