শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা থেকে চুরি হওয়া বিলাসবহুল পর্যটন বোট পটুয়াখালীতে উদ্ধার, কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়

অপূর্ব সরকার
জুলাই ২, ২০২৬ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

উদ্ধারকৃত বিলাসবহুল পর্যটন বোর্ড। ফাইল ছবি

ঢাকা থেকে চুরি হয়ে যাওয়া “তুরাগ কিং” নামের একটি বিলাসবহুল পর্যটন বোট পটুয়াখালীর লাউকাঠি নদী থেকে বিশেষ অভিযানে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা দুষ্কৃতিকারীরা দ্রুত তীরে নেমে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (২ জুলাই) কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ২৮ জুন সকালে ঢাকার দিয়াবাড়ি ল্যান্ডিং স্টেশন থেকে পর্যটন বোটটি চুরি হয়। একই দিন বোটটির মালিক গাবতলী নৌ পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পর তদন্ত ও গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চুরি হওয়া বোটসহ সন্দেহভাজন ব্যক্তিরা পটুয়াখালী এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে বোটের মালিকপক্ষ পটুয়াখালীতে এসে বোটটি উদ্ধারে বাংলাদেশ কোস্ট গার্ডের সরাসরি সহযোগিতা কামনা করেন।

অভিযোগের ভিত্তিতে গত ১ জুলাই বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী সদর থানার লাউকাঠি নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে মালিকপক্ষের সহায়তায় বোটটি শনাক্ত করার পর কোস্ট গার্ড সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। কিন্তু সংকেত অমান্য করে দুষ্কৃতিকারীরা বোটটি নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরবর্তীতে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া চালিয়ে লেবুখালী ক্যান্টনমেন্ট সংলগ্ন এলাকা থেকে সফলভাবে “তুরাগ কিং” পর্যটন বোটটি উদ্ধার করে। তবে কোস্ট গার্ডের ধাওয়া খেয়ে বোটে থাকা দুষ্কৃতিকারীরা তীরে নেমে পালিয়ে যায়।

কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া পর্যটন বোটটি প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

জননিরাপত্তা, নৌপথে আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।