শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গ্রুপিং নয়, ঐক্যই শক্তি’—পটুয়াখালী বিএনপিকে আলতাফ হোসেন চৌধুরীর কড়া বার্তা

পটুয়াখালী জেলা প্রতিনিধি
জুলাই ২, ২০২৬ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

জেলার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান, বাজেট বাস্তবায়নে জনসম্পৃক্ততার ওপর জোর। ফাইল ছবি

পটুয়াখালী বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিং ও বিভক্তির রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধভাবে জেলার উন্নয়নে আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত বাজেট বাস্তবায়ন-সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি স্পষ্ট ভাষায় বলেন, দলীয় বিভেদ ও গ্রুপিংয়ের রাজনীতি থেকে বেরিয়ে এসে জেলার স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। উন্নয়নের প্রশ্নে সবাইকে একই কাতারে দাঁড়িয়ে কাজ করারও আহ্বান জানান তিনি।

তিনি বলেন, পটুয়াখালী জেলার উন্নয়নের জন্য সরকার প্রয়োজনীয় বরাদ্দ দেবে। আমরা সবাই মিলে কাজ করবো, আর সেই উন্নয়নের সুফল ভোগ করবেন জেলার সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা। নির্বাচনের অল্প সময়ের মধ্যেই সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে, যা আগামী পাঁচ বছর ধারাবাহিকভাবে চলবে।

আলতাফ হোসেন চৌধুরী আরও বলেন, উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে সফল করতে ব্যক্তিগত মতপার্থক্য ভুলে ঐক্যের ভিত্তিতে এগিয়ে যেতে হবে। জেলার ভবিষ্যৎ উন্নয়ন, কর্মসংস্থান ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে বিএনপির প্রতিটি পর্যায়ের নেতাকর্মীকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ বায়জিদ পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট ওয়াহিদ সরওয়ার কালাম, ড্যাব নেতা ডা. সাইফুল আজম রঞ্জু, যুবদল নেতা মোস্তাফিজুর রহমান রুমি, অ্যাডভোকেট আল আমিন সুজনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় জেলার উন্নয়ন পরিকল্পনা, বাজেট বাস্তবায়নের অগ্রগতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ উন্নয়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, দলীয় ঐক্য, সুশাসন এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে পটুয়াখালীর উন্নয়নের গতি আরও বেগবান হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।