ফাইল ছবি সংগৃহীত
দৌলতপুর থানা পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গুলি ও ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে।
আটক ব্যক্তি উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদি গ্রামের মধ্যপাড়ার বাসিন্দা বিপ্লব ভূঁইয়ার ছেলে বিজয় আহমেদ (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাত আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে বিজয় আহমেদের বাড়িতে তল্লাশি চালিয়ে গরু রাখার ঘর থেকে একটি ওয়ান শুটার গান, পাঁচ রাউন্ড তাজা গুলি এবং ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
পরে উদ্ধারকৃত আলামতসহ বিজয় আহমেদকে আটক করে দৌলতপুর থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদি গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
দৌলতপুর থানা পুলিশের দাবি, অপরাধ ও মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
