ফাইল ছবি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের খরিফ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার, চারা ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় দৌলতপুর উপজেলা মিলনায়তন হলরুমে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন ও শীতকালীন পেঁয়াজের বীজ ও কন্দ, গ্রীষ্মকালীন উফশী ও হাইব্রিড জাতের শাকসবজির বীজ, হাইব্রিড মরিচের বীজ, উফশী আমন ধানের বীজ, লেবুর চারা, বিভিন্ন বৃক্ষের চারা এবং প্রয়োজনীয় সারসহ কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেহানা পারভীন।
এছাড়াও উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, সাবেক চেয়ারম্যান জহুরুল করিম বিশ্বাস, মোঃ গোলাম মোস্তফা, মোঃ রাশেদুল হক শামীম, মোঃ বেনজির আহমেদ বাচ্চুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, কৃষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠান শেষে উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত জাতীয় ফল মেলা পরিদর্শন করেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। এ সময় তাঁরা কৃষি বিভাগের বিভিন্ন প্রদর্শনী স্টল ঘুরে দেখেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের ফসল চাষে কৃষকদের আরও উৎসাহিত করার আহ্বান জানান।
