বাঁ থেকে জয় আহমেদ, সাকিব আহমদ, রায়হান আহমেদ (রাহুল)। ছবি: সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট-জাফলং সড়কের জাফলং চা-বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছে জাফলং আমির মিয়া হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির তিন শিক্ষার্থী—সাকিব আহমদ, রায়হান আহমেদ (রাহুল) ও জয় আহমদ। কয়েক ঘণ্টার ব্যবধানে তিন বন্ধুর মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
রোববার সংঘটিত ওই দুর্ঘটনার পর আহত তিন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় একে একে তাদের মৃত্যু হয়। সোমবার পৃথক জানাজা শেষে নিজ নিজ এলাকার সামাজিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়েছে।
নিহত সাকিব আহমদের জানাজা রোববার বাদ এশা জাফলং আমির মিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ১১টায় ছৈলাখেল অষ্টম খণ্ড কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রায়হান আহমেদ (রাহুল)-এর জানাজা অনুষ্ঠিত হয়। একই দিন বাদ জোহর লাখেরপাড় গ্রামের হামিদ আলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জয় আহমদের জানাজা শেষে তাকে দাফন করা হয়।
একই বিদ্যালয়ের তিন সহপাঠীর এমন মর্মান্তিক মৃত্যুতে সহপাঠী, শিক্ষক, স্বজন ও স্থানীয়দের মাঝে গভীর শোকের আবহ বিরাজ করছে। পরিবারের আহাজারি আর বন্ধুদের অশ্রুতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
