বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়া জেলা কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু, অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকের মৃত ঘোষণা

কুষ্টিয়া প্রতিনিধি
জুলাই ৮, ২০২৬ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ছবি : সমতল মাতৃভূমি

কুষ্টিয়া জেলা কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দী আরিফুল ইসলাম (২৮) মারা গেছেন। মঙ্গলবার (৭ জুলাই) রাত ৮টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত আরিফুল ইসলাম কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের রাজীনাথপুর গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে ২০১৯ সাল থেকে কুষ্টিয়া জেলা কারাগারে বন্দী ছিলেন।

কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার শরিফুল আলম জানান, মঙ্গলবার রাতে কারাগারের ভেতরে আরিফুল হঠাৎ হৃদ্‌যন্ত্রে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতির অবনতি হলে তাঁকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান বলেন, হাসপাতালে আনার আগেই ওই কয়েদির মৃত্যু হয়েছে।

জেল সুপার আরও জানান, মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রাথমিকভাবে হৃদ্‌যন্ত্রের সমস্যাজনিত কারণে মৃত্যুর কথা জানানো হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।