রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস। ছবি: সংগৃহীত
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে মক্তবের ৮ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত ৫ জনকে উদ্ধার করা হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আজ বুধবার বিকেল ৬টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মিজানুর রহমান। তবে নিহত শিক্ষার্থীদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আজ দুপুরে টানা ভারী বর্ষণের মধ্যে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের খতিজাতুল মহিলা হেফজখানার পাশে পাহাড়ধসের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. সিরাজ আমিন জানান, ‘ভারী বৃষ্টির কারণে পাহাড়ের একটি অংশ ধসে হেফজখানার দেয়াল ভেঙে পাশের মক্তবের ওপর পড়ে। সে সময় সেখানে ৩০ জনের বেশি শিশু কোরআন শিক্ষা নিচ্ছিল। এ ঘটনায় পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আমাদের উদ্ধার কাজ চলছে।’
নিহতরা হলেন- রাশিদা বেগম (১৩), উম্মে নেজাতুল (১৩), উম্মে সালমা (১২), উমাইসা বিবি (১৩) এবং অপর এক শিশুর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ভারী বৃষ্টির সময় পাহাড়ের একটি বড় অংশ ধসে খতিজাতুল মহিলা হেফজখানার দেয়াল ভেঙে পাশের মক্তবের ওপর পড়ে। সে সময় মক্তবের ভেতরে ৩০ জনের বেশি শিশু কোরআন শিক্ষা নিচ্ছিল। মুহূর্তেই সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, এপিবিএন সদস্য, স্থানীয় রোহিঙ্গা স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন মানবিক সংস্থার কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধার করা হয়েছে।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা বলেন, ‘এ পর্যন্ত পাঁচ শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান চলমান রয়েছে।
