শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক

শফিউল আলম
জুলাই ৯, ২০২৬ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

র‌্যাব-বিজিবির যৌথ অভিযানে উদ্ধার প্রায় ৭ লাখ টাকার গাঁজা, পলাতক মূল হোতা রিপন হোসেন। ছবি সমতল মাতৃভূমি

কুমিল্লার চৌদ্দগ্রামে র‌্যাব ও বিজিবির যৌথ অভিযানে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ৭০ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে আটকরা হলেন রবিউল আলম ও রোকসানা আক্তার। এ সময় মাদক চক্রের অন্যতম সদস্য রিপন হোসেন পালিয়ে যেতে সক্ষম হন।

বৃহস্পতিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এআরএম মোজাফ্ফর হোসেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চৌদ্দগ্রাম পৌর এলাকার গোমারবাড়ী পূর্বপাড়ায় রিপন হোসেনের বসতবাড়িতে বিপুল পরিমাণ গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে র‌্যাব ও বিজিবির যৌথ আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘর থেকে পালানোর চেষ্টা করেন কয়েকজন। এ সময় রিপন হোসেনের স্ত্রী রোকসানা আক্তার এবং জসিম উদ্দিনের ছেলে রবিউল আলমকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রিপন হোসেনের ঘরে তল্লাশি চালিয়ে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় রিপন হোসেন পালিয়ে যেতে সক্ষম হন।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুইজন জানান, তারা দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রিপন-রোকসানা দম্পতির বাড়িতে মজুদ রাখতেন। পরে রবিউল আলমের সহযোগিতায় এসব মাদক বিভিন্ন মাদকসেবী ও ব্যবসায়ীর কাছে অধিক মূল্যে বিক্রি করা হতো।

র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এআরএম মোজাফ্ফর হোসেন জানান, উদ্ধারকৃত ৭০ কেজি গাঁজাসহ আটক দুইজনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে পলাতক রিপন হোসেনকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।