রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ‘দশমিনা এক্সপ্রেস,’ শিশুসহ অন্তত ২০ যাত্রী আহত

পটুয়াখালী জেলা প্রতিনিধি
জুলাই ১০, ২০২৬ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

ছবি : সমতল মাতৃভূমি

পটুয়াখালী থেকে ঢাকাগামী ‘দশমিনা এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। এতে শিশুসহ অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

শুক্রবার সকালে জেলার বাউফল উপজেলার গোসিংগা এলাকার লাল মিয়ার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে জলিল আহমেদ (৬০) ও রত্না বেগম (৩০)-এর পরিচয় জানা গেছে। অপর আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের ভাষ্য অনুযায়ী, সকাল ৮টায় দশমিনা থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো ব-১৫-০৩৩৩ নম্বরের বাসটি প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথে বিলবিলাস বাজার এলাকায় পৌঁছে বাসটি দুটি রিকশাকে ধাক্কা দেয়। তখন যাত্রীরা চালককে সতর্ক করলেও তিনি তা আমলে নেননি। পরে গোসিংগা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। তবে দুর্ঘটনার পর থেকেই বাসচালককে আর খুঁজে পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ যাত্রীরা অভিযোগ করেন, এই সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তাদের দাবি, অনেক সময় হেলপার দিয়ে বাস চালানো, চালকের অসতর্কতা, মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো এবং চলন্ত বাসে মোবাইল ফোন ব্যবহার করার মতো ঝুঁকিপূর্ণ আচরণই এসব দুর্ঘটনার অন্যতম কারণ।

এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বাসসকে জানান, বর্তমান সড়কটি পর্যাপ্ত প্রশস্ত নয়। ফলে দুটি বাস একসঙ্গে নিরাপদে চলাচল করতে পারে না। বিষয়টি ইতোমধ্যে জেলা পর্যায়ের সভায় আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, সড়কটি আরও ৫ থেকে ৬ ফুট প্রশস্ত করা গেলে যান চলাচল অনেক সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি সড়কের ফাঁকা স্থানগুলোতে দ্রুত গাছ লাগানোর উদ্যোগও নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।