ফাইল ছবি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের শান্তিনগর গ্রামে পূর্ব শত্রুতার জেরে গভীর রাতে একটি বসতবাড়িতে চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকার, মূল্যবান মালামাল এবং এক এইচএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্র চুরি হওয়ার দাবি করেছেন ভুক্তভোগী পরিবার। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ভুক্তভোগী মো. ফজলু হক জানান, তিনি ঢাকায় চাকরি করেন এবং পরিবারসহ সেখানেই বসবাস করেন। তাঁর মেয়ের এইচএসসি পরীক্ষা চলমান থাকায় পরিবারের সদস্যদের নিয়ে কয়েকদিনের জন্য গ্রামের বাড়িতে আসেন। এই সুযোগে দুর্বৃত্তরা গভীর রাতে তাদের বসতবাড়িতে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার, প্রয়োজনীয় মালামাল এবং তাঁর মেয়ের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
ফজলু হক আরও অভিযোগ করেন, তাদের সঙ্গে জনি নামের এক ব্যক্তির দীর্ঘদিনের বিরোধ রয়েছে। ওই ব্যক্তি বিভিন্ন সময় তাদের হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। তাঁর দাবি, পূর্ব শত্রুতার জের ধরেই জনির লোকজন এ চুরির ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে এ অভিযোগের স্বাধীন সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
