রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চৌদ্দগ্রামে ২৩০ পিস ইয়াবা ও ২৩ বোতল বিদেশি মদসহ আটক ১

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
জুলাই ১১, ২০২৬ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

ছবি : সমতল মাতৃভূমি

কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে ২৩০ পিস ইয়াবা ও ২৩ বোতল বিদেশি মদসহ কামাল হোসেন ভুঁইয়া (কামাল) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামের মোহাম্মদ আলী ভুঁইয়ার ছেলে।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক আকাশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমানগন্ডা গ্রামে কামাল হোসেন ভুঁইয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। অভিযানের সময় তার কাছ থেকে ২৩০ পিস ইয়াবা ও ২৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

এলাকার সচেতন মহলের অভিযোগ, কামাল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাদের আরও দাবি, মহাসড়কের পাশে নোয়াপাড়া এলাকায় নির্মিত নতুন বাড়িতে নারীদের দিয়ে অনৈতিক কার্যকলাপ পরিচালনা এবং অনলাইন জুয়ার আসর পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয়দের ভাষ্য, এসব কর্মকাণ্ডের কারণে এলাকার উঠতি বয়সী তরুণ-তরুণীরা বিপথে যাওয়ার ঝুঁকিতে পড়ছিল।

স্থানীয়দের মধ্যে আরও অভিযোগ রয়েছে, প্রভাবশালী কিছু ব্যক্তির ছত্রচ্ছায়ায় থাকায় তার বিরুদ্ধে কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস পেত না। এমনকি এলাকায় কথিত ছিল, তাকে আটক করলেও বেশিক্ষণ আইনের আওতায় রাখা সম্ভব হবে না।

তবে মাদকসহ কামাল হোসেন ভুঁইয়াকে আটকের ঘটনায় নোয়াপাড়া ও আমানগন্ডা গ্রামের সচেতন বাসিন্দারা পুলিশের এ অভিযানের প্রশংসা করেছেন এবং মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক তারেক আকাশ বলেন, মাদকসহ কামাল ভুঁইয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।