সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়: বাগমারার ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
জুলাই ১২, ২০২৬ ৯:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ছবি ভিডিও থেকে সংগৃহীত

রাজশাহীর বাগমারায় এক উপসহকারী ভূমি কর্মকর্তার ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযুক্ত কর্মকর্তার নাম ফাতেমাতুজ জোহরা। তিনি উপজেলার হাট-মাধনগর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শনিবার সন্ধ্যায় ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দেয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি তাঁর হাতে টাকা তুলে দিচ্ছেন। পরে তিনি সেই টাকা প্রথমে অফিসের টেবিলের ড্রয়ারে এবং কিছুক্ষণ পর ব্যক্তিগত ভ্যানিটি ব্যাগে সংরক্ষণ করছেন।

তবে ভিডিওটিতে কোনো অডিও না থাকায় দুজনের মধ্যে কী ধরনের কথোপকথন হয়েছে বা কী উদ্দেশ্যে টাকা লেনদেন হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশের আগেই গত সপ্তাহে ফাতেমাতুজ জোহরা বাগমারা থেকে বদলি হয়ে চারঘাট উপজেলা ভূমি অফিসে যোগ দেন।

ভাইরাল ভিডিও প্রসঙ্গে ফাতেমাতুজ জোহরা দাবি করেন, তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তাঁর ভাষ্য, ভিডিওতে দেখা টাকা সরকারি পুকুরের খাস কালেকশনের অর্থও হতে পারে। ব্যক্তিগত ব্যাগে টাকা রাখার বিষয়ে তিনি বলেন, সরকারি আদায়ের টাকা অনেক সময় ভ্যানিটি ব্যাগে করেই ব্যাংকে জমা দেওয়া হয়।

এদিকে, বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ জানিয়েছেন, ঘটনার বিষয়ে তদন্ত করা হবে এবং তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিওটি ঘিরে জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে অভিযোগের সত্যতা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। এখন প্রশাসনিক তদন্তের ফলাফলের দিকেই সবার নজর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।