বর্ণাঢ্য ধর্মীয় আয়োজন, ভক্তদের উৎসাহ-উদ্দীপনা এবং শান্তি-কল্যাণের প্রার্থনার মধ্য দিয়ে পটুয়াখালীতে শুরু হয়েছে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব।
বৃহস্পতিবার সকালে পটুয়াখালী পৌর শহরের জুবিলী সড়কে অবস্থিত ইসকন পরিচালিত শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে বৈদিক অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে এ উৎসবের শুভ সূচনা হয়। যজ্ঞে বৈদিক মন্ত্রোচ্চারণের পাশাপাশি অগ্নিতে বিভিন্ন পবিত্র দ্রব্য আহুতি প্রদান করেন পুরোহিতরা। এ সময় দেশ, জাতি ও বিশ্বমানবতার শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় ঈশ্বরের কাছে বিশেষ প্রার্থনা করা হয়। অসংখ্য সনাতনী ভক্ত যজ্ঞানুষ্ঠানে অংশ নিয়ে সমবেত প্রার্থনায় শামিল হন।
বিকেলে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে রথের দড়ি টেনে উৎসবের উদ্বোধন করবেন জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, পুলিশ সুপার, পৌর প্রশাসক, পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। পরে জগন্নাথ দেবের রথ বর্ণাঢ্য শোভাযাত্রাসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে, যা দেখতে ভক্তদের পাশাপাশি সাধারণ মানুষেরও ব্যাপক সমাগম হবে বলে আয়োজকদের প্রত্যাশা।
এছাড়া পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় ৯টি রথে শ্রী শ্রী জগন্নাথ দেবের নগর পরিভ্রমণের আয়োজন করা হয়েছে।
শাস্ত্র মতে, ভক্তদের দর্শন দানের উদ্দেশ্যে এই শুভ তিথিতে শ্রী শ্রী জগন্নাথ দেব রথে আরোহন করে নগর পরিভ্রমণে বের হন এবং প্রতীকীভাবে মাসির বাড়িতে গমন করেন। সাত দিন পর পুনরায় নিজ মন্দিরে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে পালিত হয় উল্টোরথ। বিশ্ব শান্তি, মানবকল্যাণ ও ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে প্রতিবছর হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে এ উৎসব পালন করেন।
উৎসবকে ঘিরে ইসকন ও বিভিন্ন মন্দির কমিটির উদ্যোগে হরিনাম সংকীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, গীতা পাঠের আসর, ধর্মীয় আলোচনা সভাসহ নয় দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। উৎসবের প্রতিটি আয়োজনে অংশ নিতে জেলার বিভিন্ন এলাকা থেকে ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে পটুয়াখালী।
