ছবি : সংগৃহীত
আদালত চলাকালে বিচারকের ছুড়ে দেওয়া একটি কাঁচের পেপার ওয়েটের আঘাতে সাবিহা সুলতানা নামে এক শিক্ষানবিশ নারী আইনজীবী আহত হয়েছেন। গুরুতর আঘাত পাওয়ার পর তাকে দ্রুত গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (২২ জুলাই) গোপালগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এ এ ঘটনা ঘটে।
জানা গেছে, আদালতের কার্যক্রম চলাকালে বিচারক মো. সুজন মিয়া আদালত কক্ষের পেছনের বেঞ্চে কয়েকজন আইনজীবীকে কথা বলতে দেখে তাদের লক্ষ্য করে একটি কাঁচের পেপার ওয়েট ছুড়ে মারেন। তবে সেটি গিয়ে আঘাত হানে প্রশিক্ষণার্থী আইনজীবী সাবিহা সুলতানার মাথায়। আঘাতে তার মাথা ফেটে যায় এবং তিনি আহত হন। পরে সহকর্মীরা তাকে দ্রুত গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
ঘটনার পর আদালতপাড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিচারকের এমন আচরণ নিয়ে আইনজীবীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুলকদর রহমান বিচারকের এমন আচরণে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জিপি অ্যাডভোকেট এম এ আলম সেলিম ঘটনার নিন্দা জানিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
এদিকে, ঘটনার বিষয়ে বক্তব্য জানতে বিচারক মো. সুজন মিয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো কল রিসিভ করেননি।
