বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে পদ্মা তীরের নির্মাণাধীন ভবনে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

হারুন অর রশীদ
জুলাই ২৩, ২০২৬ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মা নদীর তীরবর্তী এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (সকাল ৮টা) উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের আনুমানিক বয়স ৬৫ বছর হলেও এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর, দারোগার মোড় এবং পদ্মা পাড়ের আবেদের ঘাট এলাকায় ঘুরে বেড়াতেন। রাতের বেলাতেও তাকে প্রায়ই এসব এলাকায় অবস্থান করতে দেখা যেত।

বুধবার সকালে স্থানীয়রা নির্মাণাধীন ভবনের মেঝেতে তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে বিষয়টি সন্দেহজনক মনে করে দৌলতপুর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, পদ্মা তীরবর্তী এলাকা থেকে একজন মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। পরবর্তীতে পরিচয় শনাক্ত না হলে আঞ্জুমানে মুফিদুলের মাধ্যমে মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে।

তিনি আরও জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ঘটনাটি ঘিরে এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়েছে। পুলিশ নিহত নারীর পরিচয় শনাক্তে স্থানীয়দের সহযোগিতা কামনা করেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।