শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর সীমান্তে বিএসএফের ‘পুশইন’ চেষ্টা ব্যর্থ, বিজিবির কঠোর অবস্থানে ফিরতে বাধ্য ভারতীয় বাহিনী

Link Copied!

বিএসএফ পাঁচজনকে পুশইনের চেষ্টা করলে ঠেকিয়ে দেয় বিজিবি। ছবি: সমতল মাতৃভূমি

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে নারীসহ পাঁচজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক ও কঠোর প্রতিরোধের মুখে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) ভোর ৪টার দিকে ধলা সীমান্তে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, যাদের পুশইনের চেষ্টা করা হয়েছিল, তারা এখনও ভারতীয় সীমান্তের কাঁটাতারের কাছাকাছি অবস্থান করছেন। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজিবির পাশাপাশি স্থানীয়রাও সতর্ক অবস্থানে রয়েছেন।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, ধলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ধলা মাঠ এলাকায় ১১ ব্যাটালিয়ন বিএসএফের বুড়িপোতা ক্যাম্পের সদস্যরা অজ্ঞাতপরিচয়ের চারজন পুরুষ ও একজন নারীকে বাংলাদেশে অবৈধভাবে ঠেলে পাঠানোর চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত সীমান্তে সতর্ক অবস্থান নিলে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়।

বিজিবির ধলা ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার নিজাম উদ্দীন শিকদার বলেন, সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনোভাবেই অবৈধ পুশইন হতে দেওয়া হবে না।

এ ঘটনাকে কেন্দ্র করে ধলা সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সীমান্তজুড়ে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে, যাতে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের ঘটনা ঘটতে না পারে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।