শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কিসের হাসিনা, কোথায় বক্তব্য? চেহারা কেউ দেখেছে?’—কক্সবাজারে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

কক্সবাজার প্রতিনিধি
আগস্ট ৭, ২০২৬ ১১:৩২ অপরাহ্ণ
Link Copied!

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বাংলাদেশের মানুষ কখনও গ্রহণ করবে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের মানুষ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের কখনও গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিদেশে অবস্থান করে আওয়ামী লীগের নেতারা বাংলাদেশে অস্থিরতা তৈরির অপচেষ্টা চালাচ্ছেন। তবে এসব কর্মকাণ্ডকে সরকার গুরুত্ব দিচ্ছে না।

শুক্রবার (৭ আগস্ট) কক্সবাজার মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

‘কিসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছে?’

সম্প্রতি ভারতে অনলাইনে যুক্ত হয়ে শেখ হাসিনার দেওয়া বক্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছে? চেহারা দেখা গেছে? ওই সময় মাঝে মধ্যে আওয়াজ, টাওয়াজ দিয়ে থাকে। তারা চেষ্টা করছে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করা যায় কিনা। তারা বিদেশ থেকে মাঝে মধ্যে উঁকিঝুঁকি দিতে পারে, চিৎকার করতে পারে, এগুলোতে আমরা মনোযোগ দিচ্ছি না।

তিনি আরও বলেন, যারা গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, যাদের কোনো অনুশোচনা নেই এবং যারা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চায়নি, তাদের কোনো রাজনীতি বাংলাদেশের মানুষ কখনও গ্রহণ করবে না।

কক্সবাজারকে ঘিরে সরকারের নতুন পরিকল্পনা

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ভবন পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। পরে কলাতলীতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ফ্ল্যাট উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

তিনি বলেন, সমুদ্রসম্পদ ও সমুদ্রবন্দরকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ বিপুল পরিমাণ রাজস্ব আয় করতে সক্ষম হবে। নীল অর্থনীতি (ব্লু ইকোনমি) ঘিরে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।

পর্যটনের বিকাশে পরিবেশ সংরক্ষণের ওপর জোর

সালাহউদ্দিন আহমদ বলেন, কক্সবাজারের অপরিসীম পর্যটন সম্ভাবনাকে সঠিকভাবে কাজে লাগানো গেলে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখা সম্ভব।

তিনি জানান, অতীতে বিভিন্ন এলাকাকে ইসিএ (Ecologically Critical Area) ঘোষণা করা হয়েছিল। পর্যটন শিল্পের বিকাশের স্বার্থে এসব এলাকার বিষয়ে জরিপ করে পুনর্বিবেচনার নির্দেশনা দেওয়া হয়েছে।

তার ভাষায়, প্রকৃতিকে সংরক্ষণ করেই পর্যটনের উন্নয়ন করতে হবে। শুধু উঁচু ইমারত নির্মাণই পর্যটন নয়। কক্সবাজারের সৌন্দর্য বিশ্বজুড়ে তুলে ধরে আরও বেশি পর্যটক আকৃষ্ট করতে হবে। অবকাঠামোর পাশাপাশি পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করেই পর্যটনের সম্প্রসারণ ঘটাতে হবে।

কক্সবাজারে মেরিন ইউনিভার্সিটির পরিকল্পনা

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সামুদ্রিক শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নিতে সরকার কক্সবাজারে একটি মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে সামুদ্রিক গবেষণা, উচ্চশিক্ষা এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ, শামীম আরা স্বপ্না, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।