মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবলসহ ক্রীড়া সামগ্রী বিতরণ, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান এমপি বাচ্চু মোল্লার

হারুন অর রশীদ
আগস্ট ১০, ২০২৬ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজগুলোতে ফুটবলসহ বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করে সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে এসব ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়।

সোমবার (১০ আগস্ট) দুপুরে দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ফুটবলসহ ক্রীড়া সামগ্রী তুলে দেন সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির সেক্রেটারি আলহাজ্ব বিল্লাল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুস্তাক আহমেদ, একাডেমিক সুপারভাইজার মো. কামাল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আতাউর রহমান, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা, মো. জহুরুল করিম বিশ্বাস, অধ্যাপক ফরজ উল্লাহ (ফরোজ) এবং ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় মনোযোগী হতে হবে।

তিনি দৌলতপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ সংস্কার করে খেলাধুলার উপযোগী পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ফুটবল, ক্রিকেটসহ অন্যান্য ক্রীড়া সামগ্রী পর্যায়ক্রমে আরও বিতরণ করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলার চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও সুস্থ মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই দৌলতপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খেলাধুলার পরিবেশ আরও সম্প্রসারিত করার উদ্যোগ নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।