মেহেরপুরের গাংনীতে এসএসসি পরীক্ষায় পরপর দুইবার অংশ নিয়েও অকৃতকার্য হওয়ায় রামিদুজ্জামান টুটুল মিয়া (১৭) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার কোদাইলকাঠি গ্রামে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রামিদুজ্জামান টুটুল মিয়া গাংনী উপজেলার কোদাইলকাঠি গ্রামের মিন্টু মিয়ার ছেলে। তিনি পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার খলিশাখুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, রামিদুজ্জামান টুটুল মিয়া পরপর দুইবার এসএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে অকৃতকার্য হন। এ নিয়ে পরিবারের লোকজন তাকে বকাঝকা করলে তিনি অভিমান করেন। পরে নিজ শয়নকক্ষে গিয়ে গলায় কাপড় পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ মুদাদ্দিদ চৌধুরী বলেন, “আত্মহত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে একজন কিশোরের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
