মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: বর্ণাঢ্য শোভাযাত্রায় মুখর রাজপথ

এস এম বাদল
সেপ্টেম্বর ১, ২০২৬ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

নানা কর্মসূচির মধ্য দিয়ে কুষ্টিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহণে শহরে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা ও রাজনৈতিক সমাবেশ। এ সময় দলীয় স্লোগান ও নেতাকর্মীদের উপস্থিতিতে শহরের রাজপথ ছিল উৎসবমুখর।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে বিশাল শোভাযাত্রাটি বের হয়। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা এতে অংশ নেন।

শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক এনএস রোড প্রদক্ষিণ করে বড়বাজার রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়।

এর আগে বিজয় উল্লাস চত্বরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত রাজনৈতিক সমাবেশ। এতে কুষ্টিয়া জেলা বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য দেন। বক্তারা দলের প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে আগামী দিনে গণমানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. আক্তারুজ্জামান মাজমাদার কাজলসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-(২, ৩ ও ৪) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এবং কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব প্রমুখ।

এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার রক্ষায় বিএনপি সবসময় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলটির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে কুষ্টিয়া জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার অঙ্গীকার ব্যক্ত করেন দলের শীর্ষ নেতারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।