রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আরজেএফ চেয়ারম্যানের বাসায় দুঃসাহসিক চুরি,তালা ভেঙে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ও জরুরি কাগজপত্র লুট—সিসিটিভি ফুটেজ সংগ্রহ পুলিশের

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ৫, ২০২৬ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) চেয়ারম্যান ও দৈনিক ঘোষণার প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের খিলগাঁওয়ের ভাড়া বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে কোনো একসময় সংঘবদ্ধ চোর চক্র বাসার মূল দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরের স্টিলের আলমারি, শোকেস ও ওয়ারড্রপের তালা এবং গ্লাস ভেঙে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোনসহ গুরুত্বপূর্ণ ও জরুরি কাগজপত্র নিয়ে যায়।

ঘটনার পর শুক্রবারই এ বিষয়ে খিলগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার দিন বিকেলে খিলগাঁও থানার এসআই রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ আশপাশের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

এস এম জহিরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেই চোর চক্র এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি ধারণা করছেন। তাঁর ভাষায়, একটি পরিবারের দীর্ঘদিনের স্বপ্ন ও সাধ-আহ্লাদ চোর চক্র মাত্র এক মুহূর্তেই শেষ করে দিয়েছে।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ঘটনার সময় বাসাটি খালি ছিল। প্রতিদিনের মতো শুক্রবার সকাল ৯টার দিকে তিনি বাইরে নাশতা করতে বের হন। প্রায় ৯টা ৪৫ মিনিটের মধ্যে বাসায় ফিরে এসে দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে ঘরের ভেতরে প্রবেশ করে আলমারি, শোকেস ও ওয়ারড্রপের তালা এবং গ্লাস ভাঙা দেখতে পান। তল্লাশি করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোন ও বাসায় থাকা জরুরি কাগজপত্র চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত হন।

চুরির খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এস এম জহিরুল ইসলামের বাসায় গিয়ে সমবেদনা জানান। পরে তারা খিলগাঁও থানায় গিয়ে দ্রুত ঘটনার তদন্ত, চোর চক্র শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এদিকে চুরির ঘটনায় গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন এস এম জহিরুল ইসলামের সহধর্মিণী মাহবুব আরা দুলু।

তিনি বলেন, একজন নারীর সারা জীবনের স্বপ্ন থাকে একটু স্বর্ণালঙ্কারে। আমিও অনেক কষ্ট করে কিছু গহনা জোগাড় করেছিলাম। চোর চক্র নিমিষেই আমার সেই স্বপ্ন ধুয়ে-মুছে শেষ করে দিলো।

ঘটনার পর থেকে পরিবারটির মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে। দ্রুত তদন্তের মাধ্যমে চোর চক্রকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও সাংবাদিক নেতারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।