মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীসহ পাঁচ জেলায় ৭ খুন

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ৮, ২০২৬ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

গুলি, কুপিয়ে ও ছুরিকাঘাতে প্রাণহানি; গণপিটুনিতে যুবকের মৃত্যু, মিলল নিখোঁজ তরুণের কঙ্কাল। প্রতীকী ছবি

রাজধানী ঢাকাসহ পাবনা, যশোর, রাজশাহী, ময়মনসিংহ ও জয়পুরহাটে পৃথক ঘটনায় সাতজন হত্যার শিকার হয়েছেন। এসব ঘটনায় কোথাও গুলি ও কুপিয়ে, কোথাও ছুরিকাঘাতে, আবার কোথাও গণপিটুনিতে প্রাণহানির ঘটনা ঘটেছে। ময়মনসিংহে নিখোঁজ এক তরুণের কঙ্কাল উদ্ধারের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পাবনায় বিএনপি নেতা আদম আলীকে কুপিয়ে-গুলি করে হত্যা

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য আদম আলী মোল্লাকে (৬০) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকেলে উপজেলার একদন্ত ইউনিয়নের চন্দিপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আদম আলী মোল্লা একদন্ত ইউনিয়নের ষাটগাছা স্কুলপাড়ার মৃত নুরুল ইসলাম মোল্লার ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, বিস্ফোরণসহ অন্তত তিনটি মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, একদন্ত বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আদম আলী। পথে চন্দিপাশা এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে প্রথমে গুলি ছোড়ে। এ সময় তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

অভয়নগরে চরমপন্থি সদস্যকে গুলি করে হত্যা

যশোরের অভয়নগরে নিষিদ্ধ চরমপন্থি সংগঠনের সক্রিয় সদস্য বাহারুল মল্লিককে (৪৬) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল দুপুরে উপজেলার রানাগাতী গ্রামের একটি সুপারি বাগান থেকে তাঁর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।

বাহারুল রানাগাতী গ্রামের হাকিম মল্লিকের ছেলে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

বাহারুল মল্লিকের ছোট ভাই মামুন মল্লিক বলেন, ‘আমার ভাই প্রায় ২০ বছর পলাতক। তাঁর সঙ্গে আমাদের পরিবারের কোনো সম্পর্ক ছিল না।

অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান জানান, অভ্যন্তরীণ কোন্দলের কারণে তাঁকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাঘায় গণপিটুনিতে যুবকের মৃত্যু

রাজশাহীর বাঘায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে শিমুল হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত শমজান আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শিমুল বাঘার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর গ্রামের মোস্তফার ছেলে।

স্থানীয়দের ভাষ্য, চুরি করতে গিয়ে ধরা পড়ার পর দুজনকে গণপিটুনি দেওয়া হয়। মুমূর্ষু অবস্থায় শিমুল ও শমজানকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক শিমুলকে মৃত ঘোষণা করেন।

মিরপুরে টাকা লেনদেনের জেরে যুবক খুন

রাজধানীর মিরপুরে টাকা লেনদেনকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

নিহত মেহেদী হাসান চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামের মোহাম্মদ আলমের ছেলে। তিনি মিরপুর থানাধীন বড়বাগ এলাকায় থাকতেন।

শাহআলী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, রোববার রাত সাড়ে ১২টার দিকে মিরপুরে শাহআলী মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত মেহেদীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় মাহবুব রহমান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিখোঁজ তরুণের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় রাশেদুল ইসলাম (১৯) নামে এক তরুণের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাশেদুল ফুলপুরের কৃষ্ণ মহেশপট্টি গ্রামের মো. শাহজাহানের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, জসিম, রফিক ও মোজাম্মেলের সঙ্গে বিভিন্ন স্থানে শ্রমিকের কাজ করতেন রাশেদুল। গত ১২ আগস্ট রাত আনুমানিক ৯টার দিকে জসিম উদ্দিন ফোনে রাশেদুলকে ডেকে নিয়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

পরদিন ১৩ আগস্ট মুক্তিপণের ফোন পেয়ে ফুলপুর থানায় জিডি করেন রাশেদুলের বাবা। পরে ২৫ আগস্ট একটি অপহরণ মামলা দায়ের হয়।

তদন্তে নেমে গত রোববার দুপুরে নেত্রকোনার শ্যামগঞ্জ রেলস্টেশন এলাকা থেকে জসিমকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর দেওয়া তথ্যে অভিযান চালিয়ে আরও দুই আসামি রফিক ও মোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়। একই দিন রাতে রাশেদুলের পোশাকসহ তাঁর কঙ্কাল উদ্ধার করা হয়।

জমি নিয়ে বিরোধে ভাইদের হামলা, বোনের মৃত্যু

জয়পুরহাটে জমি নিয়ে বিরোধের জেরে আপন ভাইদের হামলায় গুরুতর আহত বিলকিস বানু (৫০) চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা গেছেন।

নিহত বিলকিস বানু জয়পুরহাট সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত হেলাল উদ্দীনের স্ত্রী।

জয়পুরহাট সদর থানার ওসি নুরে আলম সিদ্দিক জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত ভাইয়েরা পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শেওড়াপাড়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

রাজধানীর শেওড়াপাড়ায় স্ত্রী সানজিদা ইসলামকে (২১) মারধর করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শুকরান এসএম শান্তর বিরুদ্ধে।

গত রোববার রাতে পূর্ব শেওড়াপাড়ার অরবিট গলির একটি বাসায় এ ঘটনা ঘটে। গতকাল খবর পেয়ে পুলিশ সানজিদার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় সানজিদার বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে কাফরুল থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ শান্তকে গ্রেপ্তার করে।

কাফরুল থানার এসআই হোসনা আফরোজ বলেন, ‘স্বামীর শারীরিক নির্যাতনে সানজিদার মৃত্যুর বিষয়টি প্রাথমিকভাবে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।