বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফুটপাতে উচ্ছেদ অভিযানে সিটি করপোরেশনের গাড়িতে আগুন, ধাওয়া-পাল্টা ধাওয়া

স্টাফ রিপোর্টার
অক্টোবর ১, ২০২৬ ১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

মিরপুর-১০ হোপ মার্কেট এলাকায় হকারদের হামলা-ভাঙচুর, গণমাধ্যমকর্মীকেও বাধা। পুড়িয়ে দেওয়া হয়েছে সিটি করপোরেশনের গাড়ি। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১০ নম্বরের হোপ মার্কেট এলাকায় ফুটপাতের দোকান উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের দুটি গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনার সময় হকারদের সঙ্গে আনসার সদস্যদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হোপ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

হকাররা জানান, সকালে সিটি করপোরেশনের লোকজন ফুটপাতের দোকান উচ্ছেদ করতে সেখানে আসেন। হোপ মার্কেটের সামনের ফুটপাতের দোকান উচ্ছেদ করতে গেলে বিদ্যুতের তার থেকে আগুন ধরে যায়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন হকাররা। পরে তারা সিটি করপোরেশনের কয়েকটি গাড়িতে ভাঙচুর চালান।

সরেজমিনে দেখা যায়, সকাল পৌনে ১১টার দিকে হোপ মার্কেটের দিক থেকে দৌড়ে মিরপুর-১৩ নম্বরের দিকে যাচ্ছেন কয়েকজন আনসার সদস্য। এ সময় ২০ থেকে ৩০ জন লোক তাদের লক্ষ্য করে লাঠি ও ইটপাটকেল ছুড়ছিলেন।

হোপ মার্কেটের সামনে গিয়ে দেখা যায়, বায়তুল কুদ্দুস জামে মসজিদের পশ্চিম পাশে একটি জায়গায় আগুন জ্বলছে। এ সময় মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে পুলিশের একটি পিকআপ ঘটনাস্থলের দিকে গেলে হকাররা সেটিকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

এর কয়েক মিনিট পরই আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি পৌঁছায়। প্রায় ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

হকাররা জানান, আগুন লাগা ওই স্থানে বিভিন্ন মালামাল ছিল। এ সময় কয়েকশ হকার সেখানে হামলা ও ভাঙচুর চালান। একপর্যায়ে সিটি করপোরেশনের দুটি গাড়ি ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ঘটনাস্থল থেকে ছবি ও ভিডিও ধারণ করতে গেলে গণমাধ্যমকর্মীদের বাধা দেওয়া হয়। আগুনে পোড়া গাড়ির ছবি তুলতে গেলে সমকালের আলোকচিত্রী মাহবুব হোসেন নবীনের ওপরও হকাররা হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার সময় ঘটনাস্থলে কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।