আগামী ৭২ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত কার্যকরের দাবি। ফাইল ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার আগামী ৭২ ঘণ্টার মধ্যে ফার্মাসিস্ট ও হেলথ টেকনোলজিস্টদের দ্বিতীয় শ্রেণির মর্যাদা এবং দশম গ্রেড বাস্তবায়নের সিদ্ধান্ত কার্যকর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর মহাখালী আইএইচটি অডিটরিয়ামে বিশ্ব ফার্মাসিস্ট উদযাপন পরিষদ আয়োজিত ‘কনভেনশন-২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, হাসপাতাল, মেডিকেল কলেজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রয়োজনীয় পদ সৃষ্টি, শূন্যপদ পূরণ এবং গণমানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকারের ঘোষিত কর্মসূচির যথাযথ বাস্তবায়ন জরুরি।
উপস্থিত বক্তারা। ফাইল ফটো
তিনি অবিলম্বে আইএইচটির হোস্টেল নির্মাণ এবং প্রয়োজনীয় অবকাঠামোগত সংস্কারে সরকারের সংশ্লিষ্ট বিভাগের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
উদযাপন পরিষদের আহ্বায়ক নাছির আহমেদ রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ড্যাবের সহ-সভাপতি ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি এবং ড্যাবের কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান।
বিশেষ বক্তা ছিলেন এম-ট্যাব সভাপতি এ.কে.এম মুসা লিটন, বিএমটিএ ও এম-ট্যাব মহাসচিব মো. বিপ্লবুজ্জামান বিপ্লব।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ছাত্রদল নেতা সালাহউদ্দিন আহমেদ, মো. জহিররুদ্দিন, আসাদ শিকদার, তাপসী বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উদযাপন পরিষদের সদস্য সচিব সিকদার মো. জসীম উদ্দিন।
