সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চাঁদাবাজ-দখলদারদের বিএনপিতে জায়গা নেই: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১২, ২০২৬ ১২:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

এমপিদেরও জবাবদিহি করতে হবে, অপকর্মে জড়ালে ছাড় নয়—দলীয় শৃঙ্খলা প্রতিষ্ঠায় কঠোর বার্তা তারেক রহমানের। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: পিএমও

দলের ভেতরে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং চাঁদাবাজি, দখলদারত্ব ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি স্পষ্ট করে বলেছেন, চাঁদাবাজ ও দখলদারদের জায়গা বিএনপিতে নেই। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি।

একই সঙ্গে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং নিজ নিজ নির্বাচনি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংসদ-সদস্যদের (এমপি) কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের মাঠপর্যায়ে সতর্ক থাকার নির্দেশও দিয়েছেন তিনি।

রোববার জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের সভায় এসব নির্দেশনা দেন তারেক রহমান। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা হিসেবে তিনি সভায় সভাপতিত্ব করেন। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে শুরু হওয়া সভা শেষ হয় রাত ৯টা ২০ মিনিটে। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি।

‘কেউ আইনের ঊর্ধ্বে নয়, এমপিদেরও জবাবদিহি করতে হবে’

বৈঠক সূত্র জানায়, সংসদ-সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, কেউ জবাবদিহির ঊর্ধ্বে নয়। কেউ আইনের ঊর্ধ্বে নয়। সংসদ-সদস্যদেরও জবাবদিহি করতে হবে। অনেক সংসদ-সদস্যের বিরুদ্ধে নানা অভিযোগ শোনা যাচ্ছে। সংসদ-সদস্যরা যদি কর্মীবান্ধব না হয়ে জনবিচ্ছিন্ন হয়ে পড়েন, তাহলে দল ক্ষতিগ্রস্ত হবে।

দলের নেতাকর্মী, সংসদ-সদস্য কিংবা মন্ত্রী—কেউ অপকর্মে জড়ালে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি। দলীয় শৃঙ্খলা বজায় রাখা, জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকা এবং জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

সভায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংবিধান সংশোধন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা দখলদারত্ব, চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারে গঠিত বিশেষ কমিটির কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়। এসব বিষয়ে দলের আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরা হয়।

স্থানীয় সরকার নির্বাচনে যোগ্য প্রার্থী বাছাইয়ের নির্দেশনা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূলের প্রস্তুতি, সাংগঠনিক ঐক্য বজায় রাখা এবং প্রার্থী নির্বাচনের বিষয়ে প্রাথমিক দিকনির্দেশনা দেন সংসদ নেতা। জাতীয় নির্বাচনে পাওয়া সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে জনপ্রিয়, যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী মনোনয়নের বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী সংসদ-সদস্যদের সমস্যার কথা জানতে চান। নিজ নিজ নির্বাচনি এলাকার মানুষের প্রত্যাশা, স্থানীয় সমস্যা এবং উন্নয়নকাজের অগ্রগতি সম্পর্কেও খোঁজ নেন তিনি।

নাম প্রকাশ না করার শর্তে এক সংসদ-সদস্য বলেন, সরকার গঠনের পর গত আট মাসে বিভিন্ন ক্ষেত্রে কী কাজ হয়েছে, সেসব কাজের অগ্রগতি কতটা এবং বাস্তবায়নে কোনো প্রতিবন্ধকতা রয়েছে কি না, তা জানতে চান প্রধানমন্ত্রী। এ ছাড়া সংসদ-সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকার সমস্যা ও মানুষের প্রত্যাশার বিষয়েও খোঁজ নেন তিনি।

‘জনগণের সঙ্গে থাকতে হবে’

জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু যুগান্তরকে বলেন, সভায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থানীয় সরকার নির্বাচনসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রধানমন্ত্রী তাগিদ দিয়েছেন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নির্বাচনের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে জনপ্রিয় ও যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

সংসদ-সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, সংসদ-সদস্যরা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেছেন। এ সময় প্রধানমন্ত্রী তাঁদের জনগণের সঙ্গে থেকে কাজ করার এবং জনগণকে সন্তুষ্ট রাখার ওপর গুরুত্ব দিতে বলেছেন। পাশাপাশি দলের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দিয়েছেন তিনি।

অধিবেশনের আগেই বিশেষ সভা

সাধারণত সংসদ অধিবেশন শুরুর আগের দিন অথবা অধিবেশন শুরুর দিন এ ধরনের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। তবে এবার নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে সম্ভাব্য সংসদ অধিবেশনের আগেই বিশেষ এই সভা আহ্বান করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

দলীয় শৃঙ্খলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত এ সভায় প্রধানমন্ত্রী যে বার্তা দিয়েছেন, তার মূল কথা—দলের পরিচয় ব্যবহার করে কোনো ধরনের অপকর্মের সুযোগ নেই; জনগণের কাছে জবাবদিহি করতে হবে সবাইকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।