শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপূজার নিরাপত্তায় ঢাকায় অতিরিক্ত ২,০৭২ পুলিশ মোতায়েন

স্টাফ রিপোর্টার
অক্টোবর ১৬, ২০২৬ ১০:২৮ অপরাহ্ণ
Link Copied!

২৫৭ পূজামণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি, গুরুত্বপূর্ণ মণ্ডপে আর্চওয়ে তল্লাশি। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। ছবি: সমতল মাতৃভূমি

শারদীয় দুর্গাপূজাকে ঘিরে রাজধানী ঢাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নগরীর ২৫৭টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত ডিউটির বাইরে অতিরিক্ত ২ হাজার ৭২ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পূজামণ্ডপগুলোতে ২৪ ঘণ্টা পুলিশি উপস্থিতি, সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি এবং গুরুত্বপূর্ণ মণ্ডপে আর্চওয়ের সাহায্যে তল্লাশির ব্যবস্থা রাখা হয়েছে।

শুক্রবার সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

তিনি জানান, পূজামণ্ডপের গুরুত্ব, দর্শনার্থীদের উপস্থিতি ও নিরাপত্তার প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে মণ্ডপগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির বিভিন্ন বিভাগের সদস্যদের পাশাপাশি প্রস্তুত রাখা হবে সোয়াট, বম্ব ডিসপোজাল টিম, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন ইউনিট। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট ইউনিটগুলো প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালন করবে।

বিসর্জন ঘিরেও বিশেষ নিরাপত্তা পরিকল্পনা

বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করেও বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শোভাযাত্রা শুরু হয়ে ওয়াইজঘাটে গিয়ে শেষ হবে। শোভাযাত্রার পথে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, দুর্গাপূজাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্য ছড়ানো প্রতিরোধে সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, নিরাপত্তাসংক্রান্ত কোনো সন্দেহজনক ঘটনা বা তথ্য চোখে পড়লে দ্রুত নিকটস্থ থানায় অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করতে হবে।

নিরাপদ ও নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপনে পূজা উদযাপন কমিটি, স্বেচ্ছাসেবক এবং নগরবাসীর সহযোগিতা কামনা করেন ডিএমপি কমিশনার। সবার সম্মিলিত উদ্যোগে পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।