বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে পিটিয়ে হত্যা, আটক ১

স্টাফ রিপোর্টার
অক্টোবর ২২, ২০২৬ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি, সন্দেহের জেরে মারধর; ভোরে মৃত্যু আলম শেখের, ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মরদেহ। ছবি: সংগৃহীত

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চোর সন্দেহে মো. আলম শেখ (৪১) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাত ১১টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় মোস্তাফিজুর রহমান অয়ন নামে একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার রাতে আলম শেখ হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন। এ সময় সেখানে চিকিৎসাধীন শিশুদের স্বজনদের সন্দেহ হয়, তিনি শিশু চুরির সঙ্গে জড়িত। তাঁরা আলমের কাছে হাসপাতালে আসার কারণ জানতে চান। তবে তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেননি বলে অভিযোগ রয়েছে।

একপর্যায়ে সন্দেহের জেরে কয়েকজন তাঁকে টেনেহিঁচড়ে হাসপাতালের নিচে নামিয়ে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে আঙুলের ছাপের সাহায্যে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়। আলম শেখের বাড়ি নাটোরে। তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা ঢাকায় আসছেন বলে জানিয়েছে পুলিশ।

পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান সমকালকে বলেন, আলম শেখের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরিবারের অভিযোগের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিশু চুরির সন্দেহে একজনকে মারধর করে হত্যার অভিযোগের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।