ছবি: সংগৃহীত
রাজধানীর খিলক্ষেতে একটি বাড়িতে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২৬ জন নারীসহ অন্তত ৮৫ জনকে গ্রেপ্তার ও সংক্ষিপ্ত বিচারে কারাদণ্ড দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন ১০১ জন বিশিষ্ট নাগরিক। তাঁরা আটক ও দণ্ডিত ব্যক্তিদের অবিলম্বে মুক্তি, অভিযানের আইনি ভিত্তি নির্ধারণ এবং সংশ্লিষ্ট ঘটনায় আইন লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ স্বাধীন ও নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন।
রোববার প্রকাশিত এক বিবৃতিতে তাঁরা এসব দাবি জানান। বিবৃতিতে বলা হয়, গত ২০ অক্টোবর ভোরে খিলক্ষেতের ওই বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার ব্যক্তিদের আইনজীবীর সঙ্গে পরামর্শের সুযোগ না দেওয়ার অভিযোগও গুরুতর উদ্বেগের বিষয়। কাদের নির্দেশে, কী উদ্দেশ্যে এবং কোন আইনি ভিত্তিতে অভিযান পরিচালিত হয়েছে, কারা গ্রেপ্তার ও দণ্ডাদেশের সিদ্ধান্ত নিয়েছেন এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না, তা তদন্ত করতে হবে। তদন্তে আইন লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহারের জন্য দায়ীদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
বিবৃতিতে বলা হয়, সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তার পুরুষদের ৩০ দিন এবং নারীদের ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। অথচ প্রত্যেকের বিরুদ্ধে কী অপরাধ প্রতিষ্ঠিত হয়েছে এবং তার পক্ষে কী প্রমাণ রয়েছে, তা প্রকাশিত প্রতিবেদনে স্পষ্ট নয়।
বিবৃতিদাতারা বলেন, ‘মাদকবিরোধী অভিযানের’ নামে পুলিশ ক্যামেরা নিয়ে ব্যক্তিগত আয়োজনে হাজির হচ্ছে। সেখানে উপস্থিত ব্যক্তিদের গোপনীয়তা ও মর্যাদা রক্ষার পরিবর্তে তাঁদের ছবি ও পরিচয় সংবাদমাধ্যমের সামনে তুলে ধরা হচ্ছে। সংবাদমাধ্যমও অপরাধ প্রমাণিত হওয়ার আগেই তাঁদের মাদকসেবী হিসেবে উপস্থাপন করে শনাক্তযোগ্য ছবি ও পরিচয় প্রকাশ করছে। জনস্বার্থে সংবাদ প্রকাশের জন্য এসব ব্যক্তিগত তথ্য প্রকাশ কতটা প্রয়োজনীয়, তা বিবেচনা না করে এমন প্রচার সংশ্লিষ্ট ব্যক্তিদের গোপনীয়তা, মর্যাদা ও ব্যক্তিগত উপাত্তের সুরক্ষায় গুরুতর হস্তক্ষেপ।
বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকতার স্বাধীনতা নাগরিককে সামাজিকভাবে হেয় করা কিংবা তাঁর ব্যক্তিগত তথ্য নির্বিচারে প্রকাশের অনুমতি দেয় না। এ ধরনের কর্মকাণ্ড সাংবাদিকতার নৈতিকতা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের মর্যাদা, ব্যক্তিগত গোপনীয়তা ও ন্যায়বিচার পাওয়ার অধিকারের পরিপন্থী। কাউকে জনসমক্ষে হেয় করা কার্যত বিচারের আগেই সামাজিক শাস্তি দেওয়ার শামিল।
বিবৃতিদাতারা উল্লেখ করেন, ব্যক্তিগত পরিসরে আড্ডা দেওয়া, গান শোনা, নাচ করা কিংবা নারী-পুরুষের একসঙ্গে সামাজিক আয়োজনে অংশ নেওয়া বাংলাদেশের আইনে কোনো অপরাধ নয়। কারও পোশাক, জীবনযাপন বা বিনোদনের ধরন নিয়ে ব্যক্তিগত অপছন্দকে রাষ্ট্রীয় শাস্তির ভিত্তি করা যায় না। আইন প্রয়োগের অজুহাতে নাগরিকের ব্যক্তিগত জীবন নিয়ন্ত্রণ এবং সামাজিকভাবে হেয় করার এই চর্চা ‘মোরাল পুলিশিং’ বা নৈতিকতার নামে স্বেচ্ছাচারী হস্তক্ষেপের প্রকাশ।
বিবৃতিতে সংবিধানের ৩১, ৩২, ৩৩ ও ৩৫ অনুচ্ছেদের উল্লেখ করে বলা হয়, এসব অনুচ্ছেদে আইনের আশ্রয় লাভ, ব্যক্তিস্বাধীনতা, গ্রেপ্তারের ক্ষেত্রে রক্ষাকবচ এবং বিচার ও দণ্ডের ক্ষেত্রে সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। ৪৩ অনুচ্ছেদে নির্ধারিত সীমার মধ্যে গৃহে অনধিকার প্রবেশ ও তল্লাশির বিরুদ্ধেও সুরক্ষা রয়েছে। আইন প্রয়োগের প্রতিটি পর্যায়ে এসব সাংবিধানিক নিশ্চয়তা মানতে হবে।
বিবৃতিতে চার দফা দাবি
বিবৃতিদাতাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, আটক ও দণ্ডিত ব্যক্তিদের অবিলম্বে মুক্তি দেওয়া; এজাহার, জব্দতালিকা ও দণ্ডাদেশের অনুলিপি অবিলম্বে সরবরাহ এবং দণ্ডাদেশের জরুরি বিচারিক পর্যালোচনা নিশ্চিত করা। আইনগত ভিত্তি বা প্রয়োজনীয় প্রমাণের অভাব কিংবা আইন লঙ্ঘন প্রতিষ্ঠিত হলে দণ্ডাদেশ বাতিল ও মুক্তিসহ উপযুক্ত প্রতিকার নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তাঁরা।
এ ছাড়া আটক ব্যক্তিদের ছবি, ভিডিও ও পরিচয়সহ ব্যক্তিগত উপাত্ত বেআইনিভাবে সংগ্রহ, সরবরাহ বা প্রকাশের জন্য দায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা এবং সংবাদমাধ্যমের সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন, ২০২৬-এর প্রযোজ্য বিধান অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে এসব তথ্যের প্রচার বন্ধ এবং ইতিমধ্যে প্রকাশিত শনাক্তযোগ্য ছবি, ভিডিও ও পরিচয় অপসারণেরও দাবি জানিয়েছেন তাঁরা।
বিবৃতিতে আরও বলা হয়, অভিযান ও ৮৫ জনকে কারাবন্দি করার ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার বা অধিকার লঙ্ঘন হয়েছে কি না, তা দ্রুত, স্বতন্ত্র ও নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। কাদের নির্দেশে এবং কোন আইনি ভিত্তিতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তা নির্ধারণ করে দায়ী নির্দেশদাতা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।
বিবৃতির শেষাংশে বলা হয়, নাগরিকের স্বাধীনতা, গোপনীয়তা ও মর্যাদা রক্ষা রাষ্ট্রের দায়িত্ব। নৈতিকতার অজুহাতে ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অপরাধ প্রতিষ্ঠা ছাড়াই গণহারে শাস্তি দেওয়ার চর্চা অবিলম্বে বন্ধ করতে হবে।
বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন
শিক্ষক ও নাট্যকর্মী ড. সামিনা লুৎফা, শিক্ষক ও লেখক ফাহমিদুল হক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শর্মি হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোশাহিদা সুলতানা, শিক্ষক ও সংগঠক নির্ণয় ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক কামরুল হাসান মামুন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক নাসির আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ এম শাহান, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক প্রাপ্তি তাপসী, শিক্ষক ও সংস্কৃতিকর্মী লায়েকা বশীর, শিক্ষক মিথিলা মাহফুজ, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান ও জেন্ডার স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ফজিলা বানু লিলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক ড. তাসলিমা ইয়াসমীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. রুশাদ ফরিদী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তানজীমউদ্দিন খান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ড. কাজী জাহেদ ইকবাল, প্রিয়া আহসান চৌধুরী, ফারান মোঃ আরাফ, অনামিকা হক, দিলরুবা শরমিন, মাঞ্জুর আল মতিন, আবেদা গুলরুখ ও মোহাম্মদ আব্দুল হালিম; আইনজীবী ও মানবাধিকারকর্মী নাফিউল আলম সুপ্ত; আইনজীবী আবিদ হোসেন আনসারি ও আব্দুল কাদের জিলানী; সিনিয়র আইনজীবী সারা হোসেন, ড. শরীফ ভূঁইয়া ও আনিতা গাজী রহমান।
লেখক ও সাংবাদিক বাধন অধিকারী, সাংবাদিক রঞ্জন কুমার দে ও সাদিক মাহবুব ইসলাম, কবি ও সাংবাদিক রহমান মুফিজ, সাংবাদিক ও গবেষক সায়দিয়া গুলরুখ, সর্বজনকথার সম্পাদক আনু মুহাম্মদ, গণমাধ্যমকর্মী তানজিনা ইসলাম এবং লেখক ও সাংবাদিক মনোরম পলক।
উন্নয়ন গবেষক ড. ইমরান মতিন, গবেষক ও অ্যাক্টিভিস্ট অরুণিমা তাহসিন, গবেষক মীর হুযাইফা আল মামদূহ, গবেষক ও অ্যাক্টিভিস্ট আবু রায়হান, গবেষক ফাহাদ বিন সিদ্দিক, গবেষক ইসাবা শুহ্রাত, তাত্ত্বিক পদার্থবিদ ও লেখক ড. তীব্র আলী, গবেষক ও উন্নয়নকর্মী নাদিরা নওশের, গবেষক আদিবা আফরোজ, গবেষক ও নাট্যকর্মী হাসনে আরা ডালিয়া, জার্মান ন্যাশনাল ইন্সটিটিউট অফ মেট্রলজির পিএইচডি গবেষক নাফিসা রায়হানা, চিকিৎসক, গবেষক ও অ্যাক্টিভিস্ট শাহেদ ইকবাল, গবেষক ও শিল্পী তারান্নুম নিবিড়, গবেষক মিম আরাফাত মানব, গবেষক ও মানবাধিকারকর্মী নওশিন নূর, গবেষক ও মানবাধিকারকর্মী মোঃ জারিফ রহমান ও শেখ মজিবুল হক, লেখক ও সংগঠক সুস্মিতা পৃথা, লেখক রেহনুমা আহমেদ ও কল্লোল মোস্তফা, প্রকাশনা ও থিয়েটারকর্মী নাজিফা তাসনিম খানম তিশা, স্বাধীন চলচ্চিত্র নির্মাতা সজীব তানভীর, সংগীতশিল্পী ফারজানা ওয়াহদি সায়ান, শিল্পী ও কিউরেটর কাজী তাহসিন আগাজ অপূর্ব, আলোকচিত্রী ড. শহিদুল আলম, সংস্কৃতিকর্মী তাহমিনা ইয়াসমিন নীলা, শিল্পী শাহেলা আক্তার উমামা, মানবাধিকারকর্মী মো. সাইফুল ইসলাম, আব্দুল কাদির, তাসাফফী হোসেন ও জয়া সিকদার, উন্নয়নকর্মী দূর্দানা ফরিদ, মানবাধিকারকর্মী সামিনা ইয়াসমিন, নাদিয়া নওশের, ইজাজুল ইসলাম, উন্নয়ন ও সংস্কৃতিকর্মী ওয়ারদা আশরাফ, মানবাধিকারকর্মী ও আলোকচিত্রী মোশফিকুর রহমান জোহান, মানবাধিকারকর্মী আমিনা সুলতানা ও নূর খান লিটন, অ্যাক্টিভিস্ট ও মানবাধিকারকর্মী সুমাইয়া ইসলাম, গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য মারজিয়া প্রভা, রেড ফেমিনিস্ট ব্লকের সদস্য সুরাইয়া ইয়াসমিন পলি, এনপিএর মুখপাত্র ফেরদৌস আরা রুমী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিবউদ্দীন হোসেন, নারীবাদী সংগঠক ও ফিউচারিস্ট তৃষিয়া নাশতারান, গ্রীণ বাংলাদেশ গার্মেন্টস ওয়ার্কাস ফেডারেশনের প্রেসিডেন্ট সুলতানা বেগম, ভয়েস ফর রিফর্মের ফাহিম মাশরুর, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় অর্থ সম্পাদক স্কাইয়া ইসলাম, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মনীষা ওয়াহিদ, অগ্রযাত্রা নারী ফোরামের আহ্বায়ক জাকিয়া শিশির, ব্রেইনের নির্বাহী পরিচালক ড. সফিকুর রহমান, বাংলাদেশ সোসাইটি অব ইন্টারন্যাশনাল ল-এর ব্যবস্থাপনা পরিচালক মাহবুবা কামাল, বহ্নিশিখার পরিচালক আনিকা টি করিম, মেহনাজ রহমান, রুকসাত আলম, নাশিতা শরীফ ও নিউ নকরেক, এমপাওয়ারিং আওয়ার ফাইটার্সের সভাপতি কলি আখতার, অভয়ারণ্যের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন রুবাইয়া আহমেদ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার নাফিস ফুয়াদ, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, নারীবাদী ও মানবাধিকারকর্মী এবং নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
