মারুফ হোসেন ওরফে দুখু
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর সিটি পল্লী এলাকায় দুর্বৃত্তের গুলিতে মারুফ হোসেন ওরফে দুখু (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত পৌনে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহতের খালাতো বোন বিথী আক্তার হাসপাতালে জানান, মারুফ সায়দাবাদ মালঞ্চ সেন্টারের পাশের গলিতে অ্যালুমিনিয়ামের হাড়ি–পাতিল তৈরির কারখানায় কাজ করতেন। আজ সন্ধ্যায় তিনি পেশাগত কাজ শেষে বাসায় ফেরেন। কিছুক্ষণ পর স্ত্রী মীমকে বলে আবার বাইরে যান। পরে স্বজনরা জানতে পারেন, ওয়াসা গেট এলাকায় মারুফ গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর বুকের ডান পাশে গুলি লেগেছিল।
স্বজনরা জানান, মারুফ ধলপুর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে মারুফ ছিলেন সবার ছোট। তিনি এক বছর আগে বিয়ে করেন।
নিহতের স্ত্রী মীম হাসপাতালে বলেন, সন্ধ্যায় বাসার অদূরে সিটি পল্লীর মাঠে দুর্বৃত্তরা মারুফকে গুলি করে। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। আমার স্বামীর সঙ্গে কারও বিরোধ ছিল না। কারা কী কারণে তাকে গুলি করে হত্যা করলো বুঝতে পারছি না।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজুর মোবাইল ফোন কল করা হলে তিনি রিসিভ করেননি।
