বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গুলশানের রেস্টুরেন্টে গোপন কক্ষে মিলল ৪ কোটি টাকার বিদেশি মদ-বিয়ার, জব্দ ২ হাজার ৩৫৯ লিটার

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৭, ২০২৬ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

বৈধ ক্রয় রসিদ ও আমদানির নথি দেখাতে পারেনি প্রতিষ্ঠান, আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ফাইল ছবি

রাজধানীর গুলশানে কিংফিশার রেস্টুরেন্ট লিমিটেডে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্রবিহীন ২ হাজার ৩৫৯ লিটার বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা সংস্থাগুলোর যৌথ দল। জব্দ করা এসব পণ্যের শুল্ক-করসহ আনুমানিক মূল্য ৪ কোটি ২ লাখ ৮২ হাজার টাকা। রেস্টুরেন্টটির গুদাম ও প্রদর্শনস্থলে মজুত থাকা পানীয়ের হিসাব নেওয়ার সময় একটি গোপন কক্ষের সন্ধান পান কর্মকর্তারা। ওই কক্ষে রেজিস্টারে অন্তর্ভুক্ত না থাকা বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার মজুত ছিল।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। এতে সহযোগিতা করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। মঙ্গলবার দুপুরে রাজধানীর কাকরাইলে অধিদপ্তরের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরেন সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ। এ সময় সংশ্লিষ্ট গোয়েন্দা ও কর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনবিআর সূত্র জানায়, উচ্চ শুল্কযুক্ত পণ্য, বিশেষ করে বিদেশি মদ ও অ্যালকোহলজাতীয় পানীয় শুল্ক ফাঁকি দিয়ে সংগ্রহ ও বিক্রির তথ্যের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। প্রায় তিন ঘণ্টার অভিযানে রেস্টুরেন্টের গুদাম ও প্রদর্শনস্থলে থাকা মদ-বিয়ারের হিসাব নেওয়ার একপর্যায়ে কর্মকর্তারা একটি গোপন কক্ষের সন্ধান পান। সেখানে রেজিস্টারে অন্তর্ভুক্ত না থাকা বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার পাওয়া যায়।

অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ৮২৬ লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে। এসব মদের বাজারমূল্য প্রায় ৪৯ লাখ ৫৬ হাজার টাকা। তবে শুল্ক-কর যুক্ত করলে এর মূল্য দাঁড়ায় প্রায় ৩ কোটি ৫১ লাখ ৮৭ হাজার টাকা।

এ ছাড়া হেইনেকেন ও হান্টারসহ বিভিন্ন ব্র্যান্ডের ১ হাজার ৫৩৩ লিটার বিয়ার জব্দ করা হয়। এসব বিয়ারের শুল্ক-করসহ মূল্য প্রায় ৫০ লাখ ৯৫ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা বিদেশি মদ ও বিয়ারের পরিমাণ ২ হাজার ৩৫৯ লিটার, যার শুল্ক-করসহ আনুমানিক মূল্য ৪ কোটি ২ লাখ ৮২ হাজার টাকা।

অভিযানে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, মূল্য সংযোজন কর নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

প্রাথমিক তদন্তে এনবিআর জানতে পেরেছে, কিংফিশার রেস্টুরেন্ট লিমিটেডের আমদানিকারক হিসেবে নিবন্ধন নেই। প্রতিষ্ঠানটি দেশীয় মদ ও বিয়ার কেনার পক্ষে অল্প কিছু চালান দেখাতে পারলেও অধিকাংশ পণ্যের বৈধ ক্রয় রসিদ উপস্থাপন করতে পারেনি। একই সঙ্গে বিদেশি মদ ও বিয়ার সংগ্রহের বৈধ নথিপত্রও দেখাতে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

কাস্টমস, ভ্যাট ও আয়কর আইনের প্রাসঙ্গিক বিধান অনুসরণ করে অভিযানটি পরিচালনা করা হয়। এ ঘটনায় রেস্টুরেন্টটির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এনবিআর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।