মঙ্গলবার, ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এলজিইডির কর্মকর্তাদের জন্য জরুরি নির্দেশ

বাসস
নভেম্বর ৩, ২০২৬ ১২:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সব পর্যায়ের কর্মকর্তাকে অফিসিয়াল সিম সার্বক্ষণিক সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অফিসিয়াল নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সক্রিয় রাখারও অনুরোধ জানিয়েছে অধিদপ্তর।

গত ২৭ অক্টোবর এলজিইডির প্রধান প্রকৌশলী (গ্রেড-১) মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়, মাঠপর্যায়ের কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে এলজিইডির কর্মকর্তাদের অফিসিয়াল সিম সরবরাহ করা হয়েছে। নাগরিকদের সঙ্গে যোগাযোগ ও তথ্য আদান-প্রদানে এসব সিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ ছাড়া জেলা, অঞ্চল ও বিভাগীয় পর্যায়ে লোকেশনভিত্তিক ব্যবস্থার মাধ্যমে কর্মকর্তাদের উপস্থিতি পর্যবেক্ষণ করা হয়।

আদেশে উল্লেখ করা হয়, অফিসিয়াল সিম বন্ধ থাকলে এসব কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি প্রশাসনিক কাজে জটিলতা দেখা দিতে পারে। তাই দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সিমগুলো সার্বক্ষণিক সচল রাখা প্রয়োজন।

প্রয়োজনে স্মার্ট সিম বা ই-সিম সুবিধাসম্পন্ন মোবাইল ফোন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে আদেশে।

এতে আরও বলা হয়, বন্ধ হয়ে যাওয়া সিম পুনরায় চালু করা এবং প্রাতিষ্ঠানিক সেবা গ্রহণের ক্ষেত্রে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) যাচাইসংক্রান্ত প্রয়োজনে সংশ্লিষ্ট অনুমোদিত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।

এ বিষয়ে অফিসের প্রয়োজনে এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী (আইসিটি) ০১৩২১৮৪১১৬১ নম্বরে এবং সেবাদাতার প্রয়োজনে সিস্টেম অ্যানালিস্ট (আইসিটি ইউনিট) ০১৭০৬২১২৭১০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

অধিদপ্তরের সংশ্লিষ্ট সব পর্যায়ের প্রকৌশলী ও কর্মকর্তাকে এ নির্দেশনা অনুসরণ এবং বাস্তবায়নে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।