বুধবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফায়ার সার্ভিসের তদন্ত শাখায় তাসলিমার কথিত প্রভাবের সাম্রাজ্য! ৮–১০ বছর একই জায়গায়, গোপন তথ্য ফাঁসের অভিযোগ, নীরব কেন ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা? 

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৪, ২০২৬ ২:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

তদন্তের নামে হয়রানি, ইনক্রিমেন্ট হেল্ডআপ, সাময়িক বরখাস্ত ও চাকরিচ্যুতির সুপারিশ—স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরদারি কোথায়?। ফাইল ছবি

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের তদন্ত শাখাকে ঘিরে একের পর এক গুরুতর অভিযোগ সামনে আসছে। তদন্তের নিরপেক্ষতা, গোপনীয়তা রক্ষা এবং প্রশাসনিক ক্ষমতার ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন তদন্ত শাখার উচ্চমান সহকারী তাসলিমা আলম। তাঁকে ঘিরে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ ও নানা প্রশ্ন তৈরি হয়েছে বলে অভিযোগ রয়েছে।

তদন্ত কি এখন ন্যায়বিচারের হাতিয়ার, নাকি কর্মকর্তা-কর্মচারীদের চাপে রাখার মাধ্যম?

অভিযোগকারীদের দাবি, তদন্ত কার্যক্রমে পক্ষপাতমূলক আচরণ, উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন তৈরি এবং নির্দিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পেশাগতভাবে হেয় প্রতিপন্ন করার মতো ঘটনা ঘটছে। ইনক্রিমেন্ট হেল্ডআপ, সাময়িক বরখাস্ত এবং চাকরি থেকে চূড়ান্ত বরখাস্তের সুপারিশের মতো গুরুতর প্রশাসনিক বিষয়ে তাসলিমা আলমের কথিত ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

আরও গুরুতর অভিযোগ, কথিত একটি প্রভাবশালী সিন্ডিকেটের বাইরে থাকা কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে তদন্তকে চাপ সৃষ্টির মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে কি না। অভিযোগ সত্য হলে এটি শুধু ব্যক্তিগত হয়রানির বিষয় নয়; বরং পুরো প্রতিষ্ঠানের প্রশাসনিক স্বচ্ছতা ও ন্যায়বিচারের জন্য উদ্বেগজনক।

তদন্তের গোপন নথি সাংবাদিকদের হাতে যাচ্ছে কার মাধ্যমে?

সবচেয়ে স্পর্শকাতর অভিযোগটি তদন্ত শাখার গোপনীয়তা নিয়ে। তদন্তাধীন নথি, অভ্যন্তরীণ তথ্য ও সংবেদনশীল প্রতিবেদন সাংবাদিকদের কাছে পৌঁছে যাওয়ার অভিযোগ উঠেছে। এসব তথ্য কীভাবে বাইরে যাচ্ছে? কে বা কারা তথ্য সরবরাহ করছে? এ ঘটনায় তাসলিমা আলমের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করা জরুরি।

৮–১০ বছর একই শাখায়! বদলি নীতিমালা ও প্রশাসনিক নজরদারি কোথায়?

একই তদন্ত শাখায় দীর্ঘ ৮ থেকে ১০ বছর ধরে কর্মরত থাকার বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে। দীর্ঘদিন একই স্থানে দায়িত্ব পালনের ফলে কোনো ব্যক্তির একক প্রভাববলয় কিংবা অনানুষ্ঠানিক নিয়ন্ত্রণ তৈরি হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। প্রশ্ন উঠছে, এত দীর্ঘ সময় একই শাখায় কর্মরত থাকার প্রশাসনিক যৌক্তিকতা কী?

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জবাব চায় সংশ্লিষ্ট মহল

ফায়ার সার্ভিসের মতো গুরুত্বপূর্ণ জরুরি সেবা প্রতিষ্ঠানে তদন্ত কার্যক্রম নিয়ে এমন অভিযোগ কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই। অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের নজরদারি, নিরপেক্ষ তদন্ত এবং তদন্ত শাখার কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করার দাবি উঠেছে।

এখন কয়েকটি প্রশ্নের জবাব জরুরি—তদন্ত শাখার গোপন তথ্য বাইরে যাচ্ছে কীভাবে? তদন্তের নামে কোনো কর্মকর্তা-কর্মচারী অন্যায়ভাবে শাস্তির মুখে পড়ছেন কি না? একই শাখায় দীর্ঘদিন কর্মরত থাকার পেছনে প্রশাসনিক কারণ কী? আর এসব অভিযোগের জবাবদিহি নিশ্চিত করবে কে?

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি, অভিযোগগুলো আমলে নিয়ে তদন্ত শাখার কার্যক্রম, নথি ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্টদের ভূমিকা যাচাই করা হোক। অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির বক্তব্যও গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হোক।

প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষার নামে যদি কারও বিরুদ্ধে অন্যায় হয়, তার বিচার কে করবে? ফায়ার সার্ভিসের তদন্ত শাখায় জবাবদিহি প্রতিষ্ঠার সময় কি এখনো আসেনি?

এসব অনিয়মের অভিযোগের বিষয়ে বিস্তারিত থাকছে পরবর্তী প্রতিবেদনে। চলবে……..

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিশেষ খবর সর্বশেষ