বিনিয়োগের নামে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) ২৪ কোটি ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) পাঁচজনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক বিলকিস আক্তার ও উপসহকারী পরিচালক মো. হাবিবুর রহমান বাদী হয়ে কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলা দুটি করেন। দুদক সচিব মো. সাইদুর রহমান খান সোমবার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
মামলার এজাহারে বলা হয়েছে, পিডিবিএফের পরিচালনা পর্ষদের সভার সিদ্ধান্ত অমান্য করে নিজেরা লাভবান হওয়া বা অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে দুর্বল আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হয়। এভাবে সরকারি ২৪ কোটি ৭০ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এর মধ্যে ১ কোটি ১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পিডিবিএফের সাবেক এমডি মাহবুবুর রহমানসহ চারজনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন- প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক (অর্থ) মদন মোহন সাহা, সাবেক যুগ্ম পরিচালক (অর্থ) শহীদুল হক খান ও সাবেক সহকারী পরিচালক মো. আক্তার হোসেন।
অন্য মামলাটি করা হয়েছে দুর্বল আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগের নামে ২৩ কোটি ৬৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে। এ মামলার আসামি পিডিবিএফের সাবেক এমডি মদন মোহন সাহা, সাবেক যুগ্ম পরিচালক (অর্থ) শহীদুল হক খান এবং সাবেক সহকারী পরিচালক (বর্তমানে উপপরিচালক) রুবী খানম।
এজাহারে বলা হয়েছে, দুই মামলার আসামিরা দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা লঙ্ঘন করেছেন। এসব ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ আনা হয়েছে।
