বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

১৭ মাসে মাজারে ৯৭ হামলা, ৬১% ধর্মীয় মতবিরোধে

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২, ২০২৬ ১১:৫১ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার হোমনায় মাজার ভাঙচুর করে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ছবি: ফাইল

সারাদেশে গণঅভ্যুত্থান-পরবর্তী ১৭ মাসে অন্তত ৯৭টি মাজার ও সম্পর্কিত স্থাপনা যেমন দরগাহ ও খানকায় হামলা হয়েছে। প্রাথমিকভাবে ১৩৪টি মাজারে হামলার খবর পাওয়া গেলেও অনুসন্ধানে ৩৭টির প্রমাণ পাওয়া যায়নি। এসব হামলার দুই-তৃতীয়াংশই ঘটেছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি হামলা হয়েছে কুমিল্লায় ১৭, নরসিংদীতে ১০ ও ঢাকায় ৯টি। এসব হামলার ঘটনায় অন্তত তিনজন নিহত এবং ৪৬৮ জন আহত হয়েছেন।

গবেষণা প্রতিষ্ঠান ‘মাকাম: সেন্টার ফর সুফি হেরিটেজের’ এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিষ্ঠানটি বলছে, ৯৭টি ঘটনার মধ্যে ৫৯টিতে (৬১ শতাংশ) ধর্মীয় মতবিরোধের কারণে হামলা করা হয়। ২১টি হামলা হয়েছে স্থানীয় মতবিরোধের কারণে, যা মোট ঘটনার ২১ শতাংশ। রাজনৈতিক কারণে হামলা হয়েছে ১৬টি (১৭ শতাংশ)। মাজার কমিটির অন্তর্দ্বন্দ্ব বা পারিবারিক দ্বন্দ্বের ফলে হামলা হয়েছে একটি। হামলার কারণে পার্থক্য থাকলেও প্রায় সব ক্ষেত্রেই নেতৃত্বে ছিল কথিত তৌহিদি জনতা। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবে মাকাম।

প্রতিষ্ঠানটির সমন্বয়ক মোহাম্মদ আবু সাঈদ গণমাধ্যম কে বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ঘটনাগুলো এ প্রতিবেদনে স্থান পেয়েছে। দেশের সব হামলা প্রতিবেদনে যুক্ত হয়েছে– এমন দাবি আমরা করছি না। তবে সর্বোচ্চ চেষ্টা করেছি সব হামলার বিষয়ে বিস্তারিত জানতে, যাচাই-বাছাই করতে এবং নির্দিষ্ট ফরম্যাটে প্রকাশ করতে। এ ক্ষেত্রে ডিজিটাল ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত খবরের সহযোগিতা নেওয়া হয়েছে। ফেসবুক থেকে হামলার ভিডিও সংগ্রহ করে তা সংরক্ষণ ও বিশ্লেষণ করা হয়েছে। যেসব হামলার বিষয়ে যথেষ্ট তথ্য পাওয়া যায়নি এবং ঘটনা তুলনামূলক ভয়াবহ ও সন্দেহমূলক ছিল; সেসব ক্ষেত্রে অনুসন্ধান করা হয়েছে মাঠ পর্যায়ে। প্রমাণ না হওয়া ৩৭টি ঘটনার মধ্যে ছয়টিকে গুজব হিসেবে শনাক্ত করা হয়েছে। সারাদেশে সংঘটিত ৯৭ হামলার ঘটনায় মামলা হয়েছে ১১টি। হামলার প্রতিরোধ ও প্রতিকারের ক্ষেত্রে প্রশাসনিক সক্রিয়তা পাওয়া গেছে মাত্র ১১ শতাংশ ঘটনায়।

মাকামের প্রতিবেদনে বলা হয়, মাজারে হামলার ২৬টি ঘটনায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ চিহ্নিত করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অন্তত ১৩টি হামলায়, জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অন্তত চারটি হামলায়, বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অন্তত পাঁচটি হামলায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা অন্তত দুটি হামলায় এবং অন্তত একটি করে হামলায় এনসিপি ও বাংলাদেশ খেলাফত মজলিসের স্থানীয় নেতাকর্মী-সমর্থকদের অংশগ্রহণের অভিযোগ ও তথ্য পাওয়া গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।