বুধবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঈদের মতো যাত্রীস্রোত, ভোটযাত্রায় নাভিশ্বাস, রিকুইজিশনে বাস সংকট, দ্বিগুণ-তিনগুণ ভাড়া—ভোট দিতে গ্রামে ফিরতে চরম ভোগান্তি

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ১১:৫০ অপরাহ্ণ
Link Copied!

মহাখালী বাস টার্মিনালে অপেক্ষারত যাত্রীরা। ছবি: সংগৃহীত

ভোট দিতে লাখো মানুষ শহর ছেড়ে গ্রামে ছুটছেন। ফলে ঈদযাত্রার মতো অস্বাভাবিক যাত্রীচাপে বিপর্যস্ত রাজধানীর বাস ও লঞ্চ টার্মিনাল, রেলস্টেশন। নির্বাচন উপলক্ষে তিন দিনের ছুটি ঘোষণার পর আজ মঙ্গলবার ছিল শেষ কর্মদিবস। দুপুর গড়াতেই রাজধানীর বিভিন্ন টার্মিনালে নামে মানুষের ঢল।
একদিকে যাত্রীর চাপ, অন্যদিকে নির্বাচনী দায়িত্ব পালনে প্রশাসনের রিকুইজিশনে পড়েছে বিপুলসংখ্যক বাস। ফলে সৃষ্টি হয়েছে তীব্র যানবাহন সংকট। সুযোগ বুঝে অনেক পরিবহন নির্ধারিত ভাড়ার দ্বিগুণ থেকে তিনগুণ আদায় করেছে যাত্রীদের কাছ থেকে।
ট্রেনেও ঠাঁই নেই, ছাদে ঝুঁকিপূর্ণ যাত্রা, বাসের পাশাপাশি রেলপথেও একই চিত্র। ট্রেনে বাড়তি ভাড়া না নিলেও সোমবার রাত থেকেই কমলাপুর স্টেশন ছেড়ে যাওয়া প্রায় সব ট্রেনে তিল ধারণের ঠাঁই নেই। আজ মঙ্গলবার দুপুর দেড়টায় ছেড়ে যাওয়া ময়মনসিংহ–নেত্রকোনা রুটের মোহনগঞ্জ এক্সপ্রেসে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়। প্রতিটি ট্রেনেই শত শত যাত্রী ছাদে উঠে ঝুঁকিপূর্ণ যাত্রা করছেন। রেল নিরাপত্তা বাহিনী বাধা দিলেও যাত্রীদের ঠেকানো সম্ভব হয়নি।

দুপুরে জামালপুরগামী একটি ট্রেনের টিকিট মাত্র ১০ মিনিটের মধ্যে শেষ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। জামালপুরের মেলানন্দ এলাকার বাসিন্দা রুহুল আমিন বলেন, ভোটার হওয়ার পর কোনো নির্বাচনেই ভোট দিতে পারিনি। এবার পরিবার নিয়ে যাচ্ছি। কিন্তু কাউন্টারে এসে শুনি টিকিট নেই—সব শেষ।

আরেক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, আট ঘণ্টার অপেক্ষা, তবু মিলছে না টিকিট।
বিকেল সাড়ে পাঁচটায় মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ইউনাইটেড ও বিলাস পরিবহনের সামনে কয়েক হাজার যাত্রী দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। কেউ কেউ আট ঘণ্টার বেশি সময় ধরে অপেক্ষায়। পরিস্থিতি সামাল দিতে কাউন্টার থেকে মাইকে বারবার ক্ষমা চাওয়া হচ্ছে, যাতে উত্তেজনা না বাড়ে।

মাইকে জানানো হয়, যানজটের কারণে গাজীপুর থেকে বাস ঢাকায় ফিরতে পারছে না। পাশাপাশি অধিকাংশ বাস জেলা প্রশাসনের মাধ্যমে নির্বাচনী ডিউটির জন্য রিকুইজিশন করা হয়েছে। ফলে যাত্রী পরিবহনের জন্য পর্যাপ্ত বাস নেই। যাত্রীদের বিকল্প ব্যবস্থা নিতে বা ফিরে যেতে অনুরোধ জানানো হয়।

এদিকে দাঁড়িয়ে যাত্রা, তবু বাড়তি ভাড়া- ময়মনসিংহের হালুয়াঘাট পর্যন্ত একটি বাস ছাড়বে—এমন ঘোষণায় ৩০–৩৫ জন যাত্রী ব্যাগ-বোচকা নিয়ে দৌড় দেন। ৩২০ টাকার ভাড়া নেওয়া হয় ৩৫০ টাকা। তাও আসন নেই—দাঁড়িয়ে যেতে হয়।
এই বাসেও জায়গা পাননি শামীম ইসলাম। তিনি বলেন,
দাঁড়িয়ে গেলেও রাজি ছিলাম। কিন্তু ভেতরে পা রাখার জায়গা নেই। স্ত্রী-সন্তান নিয়ে এভাবে যাওয়া সম্ভব না।
তিনি ক্ষোভ ঝেড়ে বলেন, সরকার ভোট দিতে আহ্বান জানায়, কিন্তু যাওয়ার ব্যবস্থাই রাখেনি। তাহলে লাখ লাখ মানুষ ভোট দেবে কীভাবে?

ভাবতেই পারিনি ঈদের মতো ঢল নামবে”—মন্ত্রী
ভোগান্তির দায় স্বীকার করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবীর খান। তিনি বলেন, সত্যি বলতে এত মানুষ গ্রামে যাবেন—এটা ভাবনায় ছিল না। তাই প্রস্তুতিও ছিল না। ঈদের মতো যাত্রীর ঢল নামবে, ভাবতেই পারিনি। এখন চেষ্টা করছি পরিস্থিতি সামাল দিতে।
তিনি আরও জানান, রিকুইজিশন করা বাসগুলো নির্বাচনের আগের দিন পর্যন্ত যাত্রী পরিবহনে দেওয়া যায় কিনা—সে চেষ্টা চলছে। পাশাপাশি বাড়তি ভাড়া আদায় ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে।

তবে গাবতলীতেও একই চিত্র, জরিমানা ভোক্তা অধিদপ্তরের। শুধু মহাখালী নয়, গাবতলী বাস টার্মিনালেও যাত্রীদের ভিড় ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ অবস্থায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালায়। উপপরিচালক বিকাশ চন্দ্র দাসের নেতৃত্বে অভিযানে মানিকগঞ্জগামী সেলফি পরিবহনকে ৫০ হাজার এবং জলঢাকাগামী রানী পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

রংপুরের তারাগঞ্জ উপজেলার ভোটার ও বেসরকারি ব্যাংক কর্মকর্তা আব্দুল কুদ্দুস বলেন, নির্বাচনে সব দলকে সহনশীল হতে হবে। যেই জিতুক, হার মানার মানসিকতা থাকতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।