ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে এত বড় জয়ের পরও দলটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তাই বিজয়ের আবহেই সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করতে যাচ্ছে দলটি।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে অনুষ্ঠিত হবে এই বহুল প্রতীক্ষিত নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন। সেখানে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন, ফলাফল এবং আগামী দিনের রাজনৈতিক দিকনির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা আসতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, সংবাদ সম্মেলনে নির্বাচনের সার্বিক পরিস্থিতি ও ফলাফল নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তুলে ধরা হবে।
এদিকে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণের কথা থাকলেও আইনি জটিলতা ও এক প্রার্থীর মৃত্যুর কারণে কিছু আসনের ফলাফল স্থগিত রাখা হয়েছে। ইতোমধ্যে ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।
ইসির ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি পেয়েছে ২১২টি আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অর্জন করেছে ৬টি আসন এবং স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীরা পেয়েছেন ১৪টি আসন।
নির্বাচনের পর রাজনৈতিক অঙ্গনে যখন নতুন সমীকরণ তৈরি হচ্ছে, তখন তারেক রহমানের এই সংবাদ সম্মেলনকে ঘিরে কৌতূহল ও প্রত্যাশা—দু’টিই তুঙ্গে। এখন দেখার বিষয়, বিজয়ের এই মুহূর্তে বিএনপি কী বার্তা দেয় দেশবাসীকে।
