ভোটগ্রহণ শেষই হয়নি—এর মধ্যেই ফলাফল শিটে স্বাক্ষর ও সিল! এমন চাঞ্চল্যকর ঘটনায় নওগাঁর একটি কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নওগাঁ সদর উপজেলার কাটখইর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কর্মকর্তা নাজিম উদ্দীন, যিনি নওগাঁ সড়ক ও জনপথ বিভাগে উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত।
প্রত্যক্ষদর্শী ও নির্বাচনী সূত্র জানায়, ভোটগ্রহণ চলাকালেই তিনি নির্ধারিত ফলাফল শিটে নিজের স্বাক্ষর ও পদবি সম্বলিত সিল দিয়ে রাখেন। অথচ নির্বাচনী বিধি অনুযায়ী, ভোটগ্রহণ শেষ হওয়ার পর পোলিং এজেন্টদের উপস্থিতিতে ভোট গণনা সম্পন্ন করে তবেই ফলাফল শিট পূরণ ও স্বাক্ষর করার কথা। ফলে ভোট শেষ হওয়ার আগেই স্বাক্ষর করে রাখাকে সম্ভাব্য কারচুপির ‘পূর্ব-প্রস্তুতি’ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
দুপুর দেড়টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মোহাম্মদ ইবনুল আবেদীন অভিযোগের সত্যতা পেয়ে নাজিম উদ্দীনকে নির্বাচনী দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দেন। পরে তার পরিবর্তে কেন্দ্রে নতুন প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাজিম উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “ভোটগ্রহণ শেষে ফলাফল প্রস্তুত করতে অনেক সময় লাগে। কাজের সুবিধা ও সময় সাশ্রয়ের চিন্তা থেকে আগেই স্বাক্ষর করে রেখেছিলাম। তবে এটি নিয়মসম্মত কি না, তা জানা ছিল না।
এ বিষয়ে ইউএনও মোহাম্মদ ইবনুল আবেদীন স্পষ্ট ভাষায় বলেন, “ভোট গণনার আগে ফলাফল শিটে স্বাক্ষরের কোনো বিধান নেই। এটি সুস্পষ্ট অনিয়ম। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্বাচনের মতো সংবেদনশীল প্রক্রিয়ায় এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি ঘিরে ভোটার ও প্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
